আজ থেকে আবার কর্মচঞ্চল রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার থেকে আবার কর্মচঞ্চল হচ্ছে রাজধানী। গ্রামের বাড়িতে স্বজনদের সান্নিধ্যে ঈদ উদ্যাপন করে এরই মধ্যে বাসে, ট্রেনে ও লঞ্চে চেপে বিপুলসংখ্যক মানুষ রাজধানীতে ফিরে এসেছেন। রাজধানীমুখী মানুষের এ স্রোত গত শুক্র ও গতকাল শনিবার ছিল প্রচণ্ড। এ যাত্রায় তীব্র দুর্ভোগ সত্ত্বেও জীবিকার তাগিদে ফিরে আসতে হয়েছে এ নগরেই।
ঈদের ছুটির পর ১১ আগস্ট রোববার সরকারি অফিস-আদালত খুললেও উপস্থিতি ছিল কম। এ ছাড়া গত সপ্তাহে দুই দিন জামায়াতে ইসলামীর হরতাল ও এক দিন সরকারি ছুটি থাকায় রাজধানী ছিল অনেকটাই ছুটির আমেজে।
গতকাল রাজধানীতে ফিরে আসা অনেকেই মহাসড়কে তীব্র যানজট, অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা বিড়ম্বনার কথা শুনিয়েছেন। খুলনা থেকে হানিফ পরিবহনে করে বেলা সাড়ে ১১টায় গাবতলীতে এসে নামেন ইশতিয়াক আহমেদ। তিনি জানান, গাড়িটি রাত দেড়টায় খুলনা থেকে ছাড়ে। ঢাকায় পৌঁছাতে লেগেছে ১২ ঘণ্টা। সাধারণত খুলনা থেকে ঢাকা পৌঁছাতে সর্বোচ্চ সাত ঘণ্টা লাগে।
হানিফ পরিবহনের চালক জানান, রাজবাড়ী মোড় থেকে দৌলতদিয়া ফেরিঘাট পর্যন্ত জট থাকার কারণে বিলম্ব হয়েছে। একই পরিবহনে আসা শাহ আলম জানালেন, খুলনা থেকে ঢাকার ভাড়া ৬০০ টাকা। কিন্তু বাসমালিকেরা নিয়েছেন ৭০০ টাকা করে। রাজবাড়ী থেকে ঢাকায় আসেন হাফিজা আক্তার। রাবেয়া আক্তার আসেন ফরিদপুর থেকে। তাঁরা জানান, যানজট অন্য দিনের তুলনায় কম। তবে মালিকেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়েছেন।
টি আর ট্রাভেলসে রংপুর থেকে ঢাকার মহাখালী বাসস্ট্যান্ডে এসে নামেন ফরিদুল ইসলাম। তাঁদের ঢাকায় পৌঁছাতে ছয় ঘণ্টার জায়গায় ১৪ ঘণ্টা লেগেছে। রিফাত লায়লা মহানগর পরিবহনে করে সপরিবারে পাবনা থেকে রওনা দেন সকাল আটটায়। হিসাব অনুযায়ী, বেলা একটার মধ্যে ঢাকায় পৌঁছার কথা। কিন্তু রিফাত বিকেল চারটার সময় টেলিফোনে প্রথম আলোকে জানান, তাঁরা তখনো মির্জাপুরে অবস্থান করছেন।
বাসের মতো ট্রেনে গতকাল অতিরিক্ত যাত্রীর চাপ ছিল। সব ট্রেনেরই ছাদ থেকে লাফিয়ে লাফিয়ে যাত্রীদের নামতে দেখা গেছে। কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার খায়রুল বশীর বলেন, পূর্বাঞ্চলের ট্রেনগুলো মোটামুটি সময় মেনে যাতায়াত করছে। কিন্তু উত্তর ও পশ্চিমাঞ্চলের সব ট্রেনই কমবেশি পাঁচ থেকে সাত ঘণ্টা বিলম্বে আসছে বা ছাড়ছে। রাজশাহী থেকে সিল্কসিটি চার ঘণ্টা বিলম্বে (বেলা পৌনে দুইটা) ছেড়েছে। দিনাজপুর থেকে একতা এক্সপ্রেস সকাল সাড়ে সাতটায় এবং রংপুর থেকে রংপুর এক্সপ্রেস সকাল সোয়া ছয়টায় ছেড়েছে।
দুই ঘণ্টা বিলম্বে ঈশ্বরদী এক্সপ্রেসে চাটমোহর থেকে কমলাপুরে এসে পৌঁছেন নেসার আহমেদ, লোকমান হোসেন ও শেখ মামুন। তাঁরা জানান, তিনজনই ধূমকেতু এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন। কিন্তু অতিরিক্ত যাত্রীর চাপে কর্তৃপক্ষ চাটমোহর স্টেশনে ধূমকেতু এক্সপ্রেসের বগির দরজাই খোলেনি। যে কারণে ওই স্টেশনের কোনো যাত্রীই ট্রেনে চাপতে পারেননি। যাত্রীদের অনেকেই পরে ঈশ্বরদী এক্সপ্রেসে করে ঢাকায় পৌঁছান।
জানতে চাইলে খায়রুল বশীর বলেন, সব মানুষই এক দিনে ঢাকায় পৌঁছাতে চান। সে জন্য ট্রেন ছাড়তে বিলম্ব হচ্ছে। যাত্রী তুলতে গিয়ে প্রতিটি স্টেশনে ১০-২০ মিনিট করে বিলম্ব হচ্ছে, যে কারণে সব ট্রেনের সময়সূচি ওলটপালট হয়ে যাচ্ছে।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ফেরার পথে লঞ্চযাত্রীরা পথে পথে দুর্ভোগের শিকার হয়েছেন। দক্ষিণাঞ্চল থেকে আসা একাধিক লঞ্চের যাত্রীরা অভিযোগ করেন, তাঁদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে। টার্মিনালগুলোতে কুলিদের উত্পাতে বিব্রত হতে হয়েছে।
ঢাকা নদীবন্দর সূত্রে জানা গেছে, গতকাল দক্ষিণাঞ্চলের ৩৯ রুট থেকে লঞ্চ এসেছে ৭৯টি। সব লঞ্চের ছাদে অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই ছিল।
হুলারহাট থেকে আসা আবদুল মান্নান হাওলাদার জানান, ‘সদরঘাট টার্মিনালে আসার পর কয়েকজন শ্রমিক লঞ্চে ঢুকে আমার সঙ্গে থাকা দুটি লাগেজ জোরপূর্বক বহন করার চেষ্টা করে। এরপর তারা ২০০ টাকা দাবি করে। অনেক টালবাহানার পর ১২০ টাকা দিয়ে রেহাই পাই।’ লঞ্চের ডেকে অতিরিক্ত ভাড়া দিয়ে তিনি এসেছেন বলে জানান।