আজ থেকে আবার কর্মচঞ্চল হবে ঢাকা
লোকারণ্য আর দুর্বিষহ যানজটের সেই রূপ ঈদের পর গতকাল শনিবার পর্যন্ত ফিরে আসেনি ঢাকা মহানগরে। রাস্তাঘাট, বাজার, অফিস-আদালত, গণপরিবহনের যানবাহন সব ফাঁকা ফাঁকাই ছিল।তবে এরই মধ্যে ধীরে ধীরে সরগরম হয়ে উঠতে শুরু করেছে এ নগর। আজ রোববার থেকে আবার কর্মচঞ্চল হয়ে আগের রূপে ফিরবে ঢাকা। গতকাল সকাল-বিকেল দুই বেলাই নগরের কাকলী, মহাখালী, বিজয় সরণি, মৌচাক প্রভৃতি ক্রসিংয়ের ট্রাফিক সিগন্যালে অপেক্ষমাণ যানবাহনের সারি ক্রমান্বয়ে বড় হতে দেখা গেছে।ঈদুল আজহার দীর্ঘ ছুটির পর যদিও গত বুধবার ছিল প্রথম কর্মদিবস। সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা, ব্যবসাপ্রতিষ্ঠান সবই ঈদের পর ওই দিন খুলেছে। কিন্তু এ কয় দিন কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল একেবারেই কম। ঢাকার ফাঁকা রাস্তাঘাটে গতকাল থেকে ট্রাফিক সিগন্যালগুলোতে গাড়ির কিছুটা চাপ দেখা গেছে।তবে গতকাল পর্যন্ত ঢাকার কোথাও কাউকে কোনো যানজটে পড়তে হয়নি। আজ থেকে এ রূপ বদলে যাবে। ঈদের পর অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান আজ খুলবে। বড় বড় বিপণিবিতানগুলোও আজ থেকে জমে উঠবে বলে সেখানকার ব্যবসায়ীদের ধারণা।