আজ থেকে আবার কর্মবিরতি পালন করবেন কর্মচারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি সুযোগ-সুবিধা নিয়ে সচিবের সঙ্গে দ্বন্দ্বের জেরে আবারও আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তা-কর্মচারীরা। আজ বৃহস্পতিবার থেকে কর্মবিরতি পালন ও কালো ব্যাজ ধারণের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এক সপ্তাহ আন্দোলন স্থগিত রাখার পর গতকাল বুধবার কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ এই কর্মসূচি ঘোষণা করে।
টাইম স্কেল, সিলেকশন গ্রেড, পদোন্নতি, সিনিয়র স্কেল ও গৃহনির্মাণ ঋণ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ২৬ জুলাই আন্দোলনে নামেন বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীরা।
ঐক্য পরিষদের সদস্যসচিব হাসানুল ইসলাম বলেন, ২৮ জুলাই ঘোষণা দিয়ে ৪ আগস্ট পর্যন্ত তাঁরা কর্মবিরতির কর্মসূচি স্থগিত করেছিলেন। কিন্তু এই সময়ের মধ্যে তাঁদের দাবি পূরণ না হওয়ায় পরিষদ নতুন কর্মসূচি ঘোষণা করেছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ করা হবে।
বিএমডিএ সূত্রে জানা যায়, কৃষি মন্ত্রণালয়ের একটি রেজুলেশনের মাধ্যমে ১৯৯২ সালে প্রতিষ্ঠা করা হয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। বর্তমানে সেখানে কর্মরত আছেন ৯৭৭ জন কর্মকর্তা-কর্মচারী। ২০১১ সালে উপসচিব পর্যায়ের একজন কর্মকর্তাকে প্রথম সেখানে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ২০১২ সাল থেকে বন্ধ করে দেওয়া হয় কর্মকর্তা-কর্মচারীদের সব সরকারি আর্থিক সুযোগ-সুবিধা।