আজ থেকে আবার কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিন বন্ধ থাকার পর আজ শুক্রবার থেকে চট্টগ্রামের বহদ্দারহাট উড়ালসড়কের কাজ শুরু হচ্ছে। প্রথম ধাপে নিরাপত্তাবেষ্টনী নির্মাণ এবং তারপর গার্ডার প্রতিস্থাপনের কাজ শুরু হবে। গতকাল বৃহস্পতিবার বহদ্দারহাটে উড়ালসড়কের গার্ডার ধসের পরবর্তী অবস্থা নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে জেলা প্রশাসকের বৈঠক শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আখতার-পারিসা এন্টারপ্রাইজের কর্মকর্তা ইমাম হোসেন সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) তত্ত্বাবধানেই এই কাজ শুরু করা হবে। উড়ালসড়ক প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সিডিএর কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি। প্রধান প্রকৌশলী নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী তদন্ত কমিটির সঙ্গে থাকায় কথা বলতে পারছেন না বলে জানিয়েছেন। সিডিএর সচিব তাহেরা ফেরদৌস বেগম বলেন, ‘বিষয়টি প্রকৌশল বিভাগের। ফলে আমি কিছু বলতে পারছি না।’ এদিকে গণপূর্ত মন্ত্রণালয় থেকে গঠিত কমিটির সদস্যরা গতকাল সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কমিটির ছয় সদস্য প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন এবং স্থানীয় লোকজন, দোকানদার ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এরপর তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের সঙ্গেও কথা বলেন।দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামসুন্দর সিকদার জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে কাজের সময় যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি এর বেশি কিছু বলতে চাননি। গতকাল বিকেলে জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বহদ্দারহাট পুকুরের আশপাশের এলাকার লোকজনের সঙ্গে দ্বিতীয়বার বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, যে পুকুরে গার্ডার ভেঙে পড়েছে সেটি আপাতত সেচে পানি সরানো হবে না। তবে লোকজনের চলাচলের জন্য সড়কের দুই পাশের ফুটপাত উম্মুক্ত রেখে অবশিষ্ট জায়গা ঘিরে ফেলা হবে। ওই বৈঠকের পর পুকুরেও উদ্ধারকাজের সমাপ্তি ঘোষণা করেন জেলা প্রশাসক।এর আগে গত সোমবার ভূমিতে উদ্ধারকাজ শেষ করার ঘোষণা দেয় সেনাবাহিনী। গতকালের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আজ শুক্রবার দুর্ঘটনাস্থল থেকে সেনাবাহিনী, র‌্যাব ও বিডিআরের সদস্যরা চলে যাবেন। তবে পুলিশের পাহারা থাকবে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) এম এ এইচ হুমায়ুন কবির জানান, পুকুরের মালিক ১০-১৫ দিন পর পানি সেচে সরাবে। এতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পুকুরের মালিককে সহযোগিতা করবেন।