আজ থেকে আবার সিইউএফএলের সার নেবেন ডিলাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসক ও পুলিশের আশ্বাসের পর চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) গুদাম থেকে ব্যবসায়ীরা আবার সার তুলতে রাজি হয়েছেন। চাঁদাবাজি ও পুলিশি হয়রানির প্রতিবাদে মঙ্গলবার থেকে আনোয়ারায় অবস্থিত সিইউএফএল থেকে সার তোলা বন্ধ করে দেন ডিলাররা। প্রশাসনের আশ্বাসের পর অবরোধ থেকে সরে আসে সার ডিলারদের সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। গতকাল বুধবার দুপুরে বিএফএ নেতারা প্রশাসনের লোকজনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর তাঁরা সিদ্ধান্ত পরিবর্তন করেন বলে জানান বিএফএর সভাপতি মো. নাছির উদ্দিন। তিনি জানান, আজ বৃহস্পতিবার থেকে ব্যবসায়ীরা পুরোদমে সার উত্তোলন ও পরিবহন শুরু করবেন। তিনি আরও জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জেলা প্রশাসক দোষী ঠিকাদারি প্রতিষ্ঠান সাউথ ট্রেডিংকে কাজ থেকে সরিয়ে দেওয়ার এবং ঠিকাদার আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া বৈঠকে রাস্তায় পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করার আশ্বাস দেওয়া হয় বলেও জানান তিনি।