আজ থেকে আবার ৭২ ঘণ্টার অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার সকাল ছয়টা থেকে আবার বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে। এখন পর্যন্ত ঘোষণা অনুযায়ী, তৃতীয় দফার এই অবরোধ শেষ হবে আগামী মঙ্গলবার সকাল ছয়টায়।
ঘোষিত নির্বাচনী তফসিল স্থগিত করা ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই কর্মসূচি দিয়েছে বিরোধী জোট। একই দাবিতে এর আগে গত ২৬ নভেম্বর থেকে দুই দফায় মোট নয় দিন অবরোধ কর্মসূচি পালন করেছে বিরোধী দল।
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন শুরু হয়েছে। এ কারণে অবরোধ কর্মসূচি শিথিল বা স্থগিত করার কোনো সিদ্ধান্ত আছে কি না, জানতে চাইলে বিএনপির দায়িত্বশীল একজন নেতা প্রথম আলোকে বলেন, এ বিষয়ে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দলের শীর্ষ পর্যায় থেকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। তিনি জানান, দাবি মানা না হলে আজ থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার অবরোধের মেয়াদ আরও বাড়তে পারে।
এ ছাড়া ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তাঁর মুক্তির দাবিতে কাল রোববার সকাল ছয়টা থেকে রাজধানীতে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে মহানগর বিএনপি। গতকাল মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম এই হরতাল কর্মসূচি ঘোষণা করেন।
গায়েবানা জানাজা: এদিকে ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত টানা ১৩১ ঘণ্টার অবরোধে নিহত ব্যক্তিদের সারা দেশে গতকাল গায়েবানা জানাজা পড়েছে ১৮-দলীয় জোট। কেন্দ্রীয়ভাবে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির মধ্যম সারির কিছু নেতাকে দেখা গেছে, শীর্ষস্থানীয় কোনো নেতা ছিলেন না। এ ছাড়া জোটের অন্যান্য শরিক দলের কিছু নেতাও জানাজায় অংশ নেন।