আজ থেকে আবার ৭২ ঘণ্টার অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার ৭২ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে আগামী শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত সারা দেশে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করবে বিরোধীদলীয় এই জোট।
গতকাল সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, জনগণের দাবি আদায়ের লক্ষ্যে এবং প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে। সরকার সারা দেশে নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে। সেই সঙ্গে প্রার্থীবিহীন ও প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করার চেষ্টা করছে।
নজরুল ইসলাম খান বলেন, গত রোববার মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এত দিন অঘোষিতভাবে নির্যাতন হয়েছে, এবার সরকার ঘোষণা দিয়ে নির্যাতনের মাত্রা বাড়াচ্ছে।
এর মাধ্যমে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়েছে। সরকারের এই ‘বেআইনি সিদ্ধান্ত’ প্রত্যাহারের দাবি জানান তিনি।
একতরফা নির্বাচনের তফসিল স্থগিত এবং নির্দলীয় সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিরোধী দলের ডাকা সর্বশেষ অবরোধ কর্মসূচি শেষ হয় গত শুক্রবার সকাল ছয়টায়। এরপর শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের কারণে গত চার দিন কোনো কর্মসূচি ছিল না। তবে মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল জোটের শরিক জামায়াতে ইসলামী।
এর আগে গত ২৫ নভেম্বর সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা করার পরদিন থেকে ২৮ নভেম্বর পর্যন্ত টানা অবরোধ কর্মসূচি পালন করে ১৮ দল। এরপর ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর এবং ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আরও দুই দফায় ১২ দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। তফসিল ঘোষণার পর গত ২১ দিনে সারা দেশে রাজনৈতিক সহিংসতায় ১১০ জন প্রাণ হারিয়েছেন।
র্যাবের বিরুদ্ধে অভিযোগ: গতকাল বিএনপির সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বর্তমান সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা, গুম ও অপহরণের মতো অপকর্মে নিয়োজিত করে র্যাবের ভূমিকাকে ধ্বংস করে দিয়েছে। সংবাদ সম্মেলনে ‘র্যাব-পুলিশ কর্তৃক বিরোধী নেতা-কর্মীদের নির্মমভাবে হত্যা ও গুমের পৈশাচিক’ ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়। একই সঙ্গে এসব অমানবিক ঘটনা তুলে ধরে বিপন্ন মানবতার পাশে দাঁড়াতে দেশি-বিদেশি প্রচারমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়।
রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ: সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিকে নিয়ে সরকারের নাটক জাতির কাছে আরও একটি কুৎসিত অধ্যায় রচনা করল। অসুস্থতার নামে এরশাদকে হাসপাতালে ভর্তি নয়, বরং তাঁকে যে গ্রেপ্তার করা হয়েছে, তা বিভিন্ন গণমাধ্যমে এরশাদের স্বীকারোক্তিতে জাতি জানতে পেরেছে। তিনি দাবি করেন, অনেক রিটার্নিং কর্মকর্তা স্বেচ্ছাসেবক লীগের মাঠকর্মী হিসেবে কাজ করছেন। এরশাদের নির্দেশে জাপার প্রার্থীরা মনোনয়নপত্র বাতিলের জন্য আবেদন করা সত্ত্বেও সরকারের নির্দেশে বিশেষ কিছু আসনে মনোনয়নপত্র বহাল রেখেছেন এসব রিটার্নিং কর্মকর্তা।