আজ থেকে আশুলিয়ার বন্ধ পোশাক কারখানা চালুর সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিন ধরে অস্থিরতায় বন্ধ রাখা সাভারের আশুলিয়া এলাকার পোশাক কারখানাগুলো আজ বৃহস্পতিবার থেকে চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। গতকাল বুধবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে পোশাক কারখানার মালিক, শ্রমিক, সাংসদ, পুলিশ, র‌্যা বসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের একটি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বেলা তিনটার পর শুরু হওয়া এ বৈঠক সন্ধ্যা সাতটার দিকে শেষ হয়। সভাশেষে শ্রমমন্ত্রী সাংবাদিকদের বলেন, যেসব পোশাক কারখানায় গোলমাল হচ্ছে সেগুলোর প্রবেশপথে স্থানীয় সাংসদদের নেতৃত্বে সংশ্লিষ্ট ব্যক্তিরা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করবেন। এ ছাড়া যেসব কারখানায় সমস্যা চলছে সেগুলোর সমস্যা সমাধানের জন্য উপকমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এসব কমিটি কারখানাগুলোর অন্তর্নিহিত সমস্যা চিহ্নিত করে সরকারকে জানাবে। এরপর সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হবে।উল্লেখ্য, সাভারের আশুলিয়া এলাকার পোশাক কারখানার সমস্যা সমধানে স্থানীয় সাংসদের নেতৃত্বে একটি সমস্যা ব্যবস্থাপনা (ক্রাইসিস ম্যানেজমেন্ট) কমিটি আছে। উপকমিটিগুলো এ কমিটির অধীনে কাজ করবে। মন্ত্রী বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, পোশাক কারখানাগুলোতে শ্রমিক আন্দোলনের পেছনে শ্রমিকেরা জড়িত নয়। এখানে শ্রমিকেরা ষড়যন্ত্রের শিকার।’সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্থানীয় সাংসদ তালুকদার মো. তৌহিদ জং, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, ব্যবসায়ী নেতা আনিসুল হক, শ্রমিক নেতা রায় রমেশসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতারা।