আজ থেকে ইপিআই কর্মসূচিতে যুক্ত হচ্ছে রুবেলা ভ্যাক্সিন
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আজ বুধবার থেকে বিনা মূল্যে শিশুরা রুবেলা ভ্যাক্সিন পেতে যাচ্ছে। ঢাকা শিশু হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন হওয়ার কথা রয়েছে। নতুন এই টিকার অন্তর্ভুক্তির ফলে শিশুরা বিনা মূল্যে মোট নয়টি রোগের প্রতিষেধক পাবে।ইপিআইয়ের কর্মসূচি ব্যবস্থাপক তাজুল ইসলাম এ বারী প্রথম আলোকে বলেন, গর্ভাবস্থায় মায়েরা রুবেলা ভাইরাসে আক্রান্ত হওয়ায় বাংলাদেশে বহু শিশু জন্মগত ত্রুটি নিয়ে জন্মাচ্ছে। মূলত এ কারণেই সরকার শিশুদের বিনা মূল্যে এ টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচি পুরোপুরি সরকারি অর্থায়নে পরিচালিত হবে।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নবজাতক বিভাগের শিক্ষক ও হেল্পিং বেবিজ ব্রিদ কর্মসূচির প্রশিক্ষক সঞ্জয় দে বলেন, গর্ভাবস্থায় মায়েরা যদি রুবেলা ভাইরাসে আক্রান্ত হন, তাহলে তাঁদের শরীর থেকে ভাইরাস গর্ভস্থ শিশুকে আক্রমণ করে। প্রথম তিন মাসের মাথায় মা আক্রান্ত হলে শিশুর হূদ্যন্ত্রে ছিদ্র হতে পারে, শিশু অন্ধ ও বধির হতে পারে, এমনকি মানসিক প্রতিবন্ধীও হতে পারে।একই বিশ্ববিদ্যালয়ের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের শিক্ষক রেজাউল করিম জানান, কোনো নারী তিন মাসের গর্ভবতী অবস্থায় রুবেলায় আক্রান্ত হলে চিকিৎসকেরা কোনো কোনো সময় গর্ভপাত করানোর পরামর্শ দেন।ইপিআইয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম পর্যায়ে ঢাকা শহরের নয় মাস বয়সী সব শিশু (ছেলে/মেয়ে উভয়েই) হাম ও রুবেলার টিকা পাবে। মাঠ পর্যায়ে এ কর্মসূচি শুরু হতে আরও মাস খানেক লাগতে পারে।