আজ থেকে কমছে ব্যান্ডউইডথের দাম
নতুন করে ইন্টারনেটের ব্যান্ডউইডথের দাম আজ মঙ্গলবার থেকে কমছে। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম কমানোর এ সিদ্ধান্ত নিয়েছে। দাম কমানোর সিদ্ধান্ত আরও দুই মাস আগেই নিয়ে রেখেছিল বিএসসিসিএল। তবে ভোক্তা পর্যায়ে এই দাম কমানোর সুবিধা এখনই পাওয়া যাবে না। কারণ এই দাম কমানোর সঙ্গে শর্ত জুড়ে দিয়েছে বিএসসিসিএল।
সর্বশেষ গত ৯ আগস্ট এক সংবাদ সম্মেলনে বিএসসিসিএল ঘোষণা দেয়, সেপ্টেম্বর থেকে ব্যান্ডউইডথের নতুন দাম কার্যকর হবে। তবে এই মূল্য আপাতত ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের জন্য প্রযোজ্য হবে।
নতুন দাম অনুযায়ী, প্রতি এমবিপিএস (মেগাবিট প্রতি সেকেন্ড) ব্যান্ডউইডথের দাম হচ্ছে ৬২৫ টাকা। এত দিন এর দাম ছিল ৯৮০ টাকা।
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বলছে, এই দাম কমানোর সুফল পাবেন না ভোক্তারা। কারণ বিএসএসএলএল-এর কাছ কমপক্ষে ১০ জিবিপিএস (গিগাবিট প্রতি সেকেন্ড) পরিমাণ ব্যান্ডউইডথ কিনতে হয়। ব্যান্ডউইডথ কেনার শর্তগুলো শিথিল করা এবং ১০-কে ৫ জিবিপিএস করলে এই দাম কমানোর সুফল ভোক্তা পর্যন্ত পৌঁছতে পারে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক এমদাদুল হক বলেন, ‘আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) আর আইএসপিরা এই দামে ব্যান্ডউইডথ পাবে না। সরকারের সঙ্গে রাজস্ব ভাগাভাগি করে ও অন্যান্য ব্যয় বহন করে আইআইজিগুলো যে দামে আমাদের ব্যান্ডউইডথ দেবে সেখানে নিজেদের খরচ যুক্ত করে ভোক্তাদের দেওয়ার আর কিছু থাকে না। সব মিলিয়ে ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের দাম কমবে না।’
বিএসসিসিএলের কাছে ২০০ জিবিপিএস ব্যান্ডউইডথ রয়েছে। এর মধ্যে বর্তমানে দেশে ব্যবহৃত হয় মাত্র ৩৩ জিবিপিএস।