আজ থেকে ক্লাস শুরু অনিশ্চয়তায় শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনিক কাজ চললেও ঈদ ও পূজার ছুটির পর আজ শনিবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার কথা। কিন্তু উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের কর্মবিরতি। তাই ক্লাস নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন শিক্ষার্থীরা।
চলমান অচলাবস্থার কারণে ঈদের ছুটির পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও কম। উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ২৮ সেপ্টেম্বর থেকে শিক্ষকেরা সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। মাঝে ঈদ ও দুর্গা পূজার ছুটিতে আন্দোলন স্থগিত করেন তাঁরা। ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকে শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে যৌথভাবে শুরু হয় সর্বাত্মক কর্মবিরতি।
এর আগে উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ২৮ এপ্রিল থেকে কর্মবিরতি শুরু করেন শিক্ষকেরা। তখন টানা দুই সপ্তাহের বেশি সময় অধিকাংশ বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। এরপর বিভিন্ন সময়ে ডাকা ধর্মঘটের কারণে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল আরও এক সপ্তাহ।
সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে বিভিন্ন বিভাগে চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা থাকলেও চলমান অচলাবস্থার কারণে নভেম্বর মাসে অধিকাংশ বিভাগে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। কিন্তু শিক্ষক সমিতির কর্মসূচি অনুযায়ী উপাচার্য পদত্যাগ না করলে আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে ধর্মঘট। সব ধরনের ক্লাস-পরীক্ষা, প্রশাসনিক কর্মকাণ্ড ও বিশ্ববিদ্যালয়ের যানবাহন এই ধর্মঘটের আওতায় থাকবে বলেও জানিয়েছে শিক্ষক সমিতি। এ ছাড়া ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ২ থেকে ৯ নভেম্বর। ভর্তি পরীক্ষার সময় বিবেচনা করে অনেক বিভাগে চূড়ান্ত পরীক্ষার সময়সূচি তৈরি করা হয়েছে। কিন্তু চলমান অচলাবস্থায় ভর্তি পরীক্ষা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে ভর্তি পরীক্ষা পিছিয়ে গেলে অনেক বিভাগের চূড়ান্ত পরীক্ষাও পেছনোর আশঙ্কা করছেন সংশ্লিষ্ট শিক্ষকেরা।
এ ব্যাপারে সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এম এ মতিন কোনো মন্তব্য করতে চাননি। তবে ২ থেকে ৯ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে কাজ চলছে বলে জানান তিনি। তবে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন ও সাধারণ শিক্ষক ফোরামের সদস্যসচিব কামরুল আহসান জানিয়েছেন, উপাচার্য আনোয়ার হোসেনের অধীনে ভর্তি পরীক্ষা- সংক্রান্ত কোনো কার্যক্রমে তাঁরা অংশ নেবেন না। বিশ্ববিদ্যালয়ের এ পরিস্থিতিতে নির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠান সম্ভব নয় বলেও জানান তাঁরা।
তবে ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন করে সহ-উপাচার্যকে (শিক্ষা) ভর্তি পরীক্ষার দায়িত্ব দিলে শিক্ষক নেতারা কাজ করবেন বলে জানিয়েছেন।