আজ থেকে খুচরা বাজারে মূল্যতালিকা টাঙানোর নির্দেশ
রোজায় পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ১৫ জুলাই থেকে চট্টগ্রামে খুচরা ও পাইকারি বাজার পর্যবেক্ষণে নামছে পাঁচটি দল। পাশাপাশি আজ মঙ্গলবার থেকে খুচরা বাজারে পণ্যের মূল্যতালিকা টাঙানোর নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে দ্রব্যমূল্যসংক্রান্ত টাস্কফোর্সের সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহসানে এলাহী।সভায় আলোচনা শেষে এহসানে এলাহী বলেন, ১৫ জুলাই থেকে ১৫টি খুচরা ও দুটি পাইকারি বাজার নিয়মিত পর্যবেক্ষণ করবে জেলা প্রশাসনের পাঁচটি দল। পর্যবেক্ষণ দলে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম, চট্টগ্রাম চেম্বার প্রতিনিধি, সংশ্লিষ্ট বাজার কমিটির সদস্য, ক্যাব, বিএসটিআই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন।সভায় জানানো হয়, মঙ্গলবার (আজ) থেকে নগরের ১৫টি খুচরা বাজারে পণ্যের মূল্যতালিকা টাঙাতে হবে। খুচরা ব্যবসায়ীদের পাইকারদের কাছ থেকে পণ্য ক্রয়ের রসিদ নিতে হবে এবং তা দোকানে রাখতে হবে।