আজ থেকে খুলছে ব্রিটিশ কাউন্সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তার কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর বাংলাদেশে নিয়মিত কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে ব্রিটিশ কাউন্সিল। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৭ জুলাই বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। তখন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম বলেছিলেন, ব্রিটিশ কাউন্সিলের কর্মী এবং সেবাগ্রহীতাদের নিরাপত্তার বিষয়টি তাদের কাছে গুরুত্বপূর্ণ। সবার নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সব অফিস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এরপর গতকাল রোববার ব্রিটিশ কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার থেকে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সব অফিস খোলা থাকবে। আগের মতোই এখানে সব সেবা পাবে মানুষ। তবে গতকালের সংবাদ বিজ্ঞপ্তিতে নিরাপত্তার বিষয়টি উল্লেখ করা হয়নি। এতে সাময়িক বন্ধের কারণ বিষয়ে বলা হয়, বিবিধ সংস্কারকাজের জন্য সাময়িক বন্ধের পর চট্টগ্রাম, সিলেট ও ঢাকার কার্যালয়ে সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য প্রস্তুত ব্রিটিশ কাউন্সিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ‘পিয়ারসন এডএক্সেল এক্সামিনেশনস’-এর জন্য নিবন্ধন শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর থেকে। ১৩ অক্টোবর পর্যন্ত নিবন্ধন করা যাবে। স্কুল থেকে যে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে তারা নিজ নিজ স্কুলের সঙ্গে যোগাযোগ করে ইউনিক স্কুল ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন লিংকে গিয়ে নিবন্ধন করতে পারবে।

আর অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠেয় আইইএলটিএস পরীক্ষার জন্যও ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে।

ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি ভাষা শিক্ষার চতুর্থ টার্ম শুরু হবে ১২ অক্টোবর থেকে। অনলাইনে লেভেল টেস্টের জন্য শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন।