আজ থেকে চট্টগ্রাম নগরে অটোরিকশা ধর্মঘটের ডাক
সিএনজিচালিত অটোরিকশা মালিক-চালকদের আটটি সংগঠনের আজ বুধবার থেকে চট্টগ্রাম নগরে ধর্মঘটের ডাক দিয়েছে। নম্বরবিহীন অটোরিকশা চলাচল নিষিদ্ধ, সরকারি উদ্যোগে চালকদের প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স দেওয়া এবং পার্কিংয়ের জায়গা নির্দিষ্ট করে না দেওয়া পর্যন্ত অটোরিকশার বিরুদ্ধে মামলা না করার দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। চট্টগ্রাম ফোর স্ট্রোক সিএনজি-থ্রি হুইলার অটোরিকশা মালিক ঐক্য পরিষদের সভাপতি মহিউদ্দিন গতকাল রাত ১০টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘৯ সেপ্টেম্বরের ডাকা ধর্মঘট বলবৎ আছে। আমরা আট দফা দাবি দিয়েছিলাম। দাবি মানার ব্যাপারে প্রশাসন থেকে আমরা কোনো আশ্বাস পাইনি।’
ধর্মঘটের বিষয়ে উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল হাসান প্রথম আলোকে বলেন, ধর্মঘট প্রত্যাহারের জন্য অটোরিকশা মালিক-চালকদের সঙ্গে আলোচনা করা হয়। তাঁদের বলা হয়েছে, কিছু দাবি মন্ত্রণালয়, কিছু সিটি করপোরেশন এবং কিছু দাবি বিআরটিএর আওতাভুক্ত। আর নম্বরবিহীন অটোরিকশা হাইকোর্টের নির্দেশনায় চলছে। কিন্তু তাঁরা পুলিশের কথা শুনছে না। ধর্মঘট ডাকার অধিকার যেমন আছে, তেমনি না মানার অধিকারও আছে। কেউ অন্য অটোরিকশা চলাচলে বাধা দিলে পুলিশ কঠোর হাতে তা দমন করবে।