আজ থেকে চট্টগ্রামে বহির্গমন ছাড়পত্র দেওয়া হবে
বিদেশগামী শ্রমিকেরা আজ রোববার থেকে চট্টগ্রামেই বহির্গমন ছাড়পত্র ও স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন। আনুষ্ঠানিকভাবে আজ এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠান হবে।
চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় সূত্র জানিয়েছে, কাজের জন্য বিদেশে যাওয়ার আগে শ্রমিকদের নিবন্ধন, আঙুলের ছাপের (ফিঙ্গার ইমপ্রেশন) পাশাপাশি স্মার্ট কার্ড ও বহির্গমন ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। বেশির ভাগ ক্ষেত্রে শ্রমিকদের এই প্রক্রিয়ায় সহায়তা দেয় জনশক্তি রপ্তানিকারক কোনো প্রতিষ্ঠান। এত দিন ঢাকায় গিয়ে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) প্রধান কার্যালয় থেকে এই ছাড়পত্র সংগ্রহ করতে হতো। চট্টগ্রাম থেকে এই কার্যক্রম চালু হওয়ায় বিদেশগামী শ্রমিকদের ভোগান্তি কমবে। এ ছাড়া চট্টগ্রামে বিদেশফেরত শ্রমিকদের সুবিধার্থে বিমানবন্দর থেকে পরিবহনের জন্য একটি অ্যাম্বুলেন্সও চালু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আজ চট্টগ্রাম কার্যালয়ের কাছে এই অ্যাম্বুলেন্স হস্তান্তর করবেন মন্ত্রী।