আজ থেকে চট্টগ্রামে স্বাধীনতার বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী স্বাধীনতার বইমেলা। বিকেল পাঁচটায় নগরের ডিসি হিলে মেলার উদ্বোধন করবেন শিক্ষাবিদ হায়াৎ মামুদ। চট্টগ্রাম একাডেমি এ মেলার আয়োজক।
চট্টগ্রাম একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক রাশেদ রউফ বলেন, চট্টগ্রামের প্রকাশনা শিল্পকে তুলে ধরা ও এ শিল্পের ভিত্তি মজবুত করার লক্ষ্যে ১৬ বছর ধরে এই বইমেলার আয়োজন করা হচ্ছে। এবারের মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থার ২০টি বইয়ের স্টল থাকবে। মেলায় প্রতিদিন আলোচনা অনুষ্ঠান থাকবে।
চট্টগ্রাম একাডেমি সূত্র জানায়, মেলার প্রথম দিন আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। দ্বিতীয় দিনে বিশিষ্ট ইতিহাসবিদ আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দিনকে চট্টগ্রাম একাডেমি পুরস্কার দেওয়া হবে। মেলার তৃতীয় দিনে লেখক-সাংবাদিক আবুল মোমেনের বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তি ও বরেণ্য সাহিত্যিক সৈয়দ শামসুল হকের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন থাকবে। মেলার চতুর্থ দিন আয়োজন করা হয়েছে লেখক সম্মিলনের আর সমাপনী দিনে থাকবে শিশু সমাবেশ ও মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠান।
এ ছাড়া প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।