আজ থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু
আজ সোমবার থেকে ১০ এপ্রিল পর্যন্ত সারা দেশে পালন করা হবে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১১’। আগামীকাল মঙ্গলবার পটুয়াখালীতে এ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস। এবারের জাটকা সংরক্ষণ সপ্তাহ সামনে রেখে শরীয়তপুর জেলায় পদ্মা নদীর নিম্ন-অববাহিকার ২০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে।গতকাল রোববার রাজধানীর মৎস্য অধিদপ্তরের সভাকক্ষে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১১ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, চলতি অর্থবছরে শুধু জাটকা সংরক্ষণ প্রকল্পের আওতায় চার জেলার ২১ উপজেলায় বিকল্প কর্মসংস্থান কার্যক্রমে পাঁচ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে সুফলভোগীদের মধ্যে উপকরণ বিতরণের কাজ চলছে।মন্ত্রী বলেন, চার জেলার ২১টি উপজেলার এ ইলিশ অভয়াশ্রমের দৈর্ঘ্য ৩৩০ কিলোমিটার। এর মধ্যে চাঁদপুর, লক্ষ্মীপুর এবং ভোলা জেলার অভয়াশ্রমের ক্ষেত্রে মার্চ থেকে এপ্রিল এবং পটুয়াখালীতে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ইলিশসহ অন্যান্য মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান এবং খাদ্য-সহায়তা দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি তুলে ধরে মন্ত্রী বলেন, চলতি অর্থবছরের প্রথম সাত মাসেই দেশে ইলিশ ধরা পড়েছে প্রায় দুই লাখ ৮৫ হাজার মেট্রিক টন। বছর শেষে এর পরিমাণ সাড়ে তিন লাখ মেট্রিক টনে উন্নীত হতে পারে। এর আগের সারা বছরে ছিল তিন লাখ ১৩ হাজার মেট্রিক টন।চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত ছয় হাজার ৮৯৮ মেট্রিক টন ইলিশ রপ্তানি করে আয় হয়েছে ২৮০ কোটি টাকা। আগের বছর তিন হাজার ১০৭ মেট্রিক টন ইলিশ রপ্তানি করে আয় হয়েছে ১২৫ কোটি টাকা। বর্তমান বছরের প্রথম সাত মাসের রপ্তানি আয় আগের বছরের থেকে দ্বিগুণেরও বেশি।প্রসঙ্গত, দেশে বর্তমানে ইলিশের অভয়াশ্রমগুলো হচ্ছে: চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর নিম্ন-অববাহিকার ১০০ কিলোমিটার, ভোলার মদনপুর চর ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর শাহবাজপুর শাখা নদীর ৯০ কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদীর ৪০ কিলোমিটার এলাকা।