আজ থেকে টেকনাফে ভোটার তালিকা হালনাগাদ শুরু
বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে আজ থেকে কক্সবাজারের টেকনাফে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানায়, উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় আজ রোববার থেকে এক যোগে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু হচ্ছে। এ জন্য ২৪ জন সুপারভাইজার ও ১০৭ জন তথ্যসংগ্রহকারী নিয়োগ করা হয়েছে। এঁরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে নিবন্ধন ফরম পূর্ণ করবেন। ইউনিয়নভিত্তিক তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা হলেন—হোয়াইক্যংয়ে তথ্যসংগ্রহকারী ২০ জন, সুপারভাইজার চারজন; হ্নীলায় তথ্যসংগ্রহকারী ২১ জন, সুপারভাইজার পাঁচজন; টেকনাফ সদরে তথ্যসংগ্রহকারী ১৯ জন, সুপারভাইজার চারজন; বাহারছড়ায় তথ্যসংগ্রহকারী ১২ জন, সুপারভাইজার তিনজন; পৌরসভায় তথ্যসংগ্রহকারী ১০ জন, সুপারভাইজার দুজন; সাবরাংয়ে তথ্যসংগ্রহকারী ২২ জন, সুপারভাইজার পাঁচজন এবং সেন্টমার্টিন দ্বীপে তথ্যসংগ্রহকারী তিনজন ও সুপারভাইজার একজন।টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদ বলেন, ১৯৯৫ সালের ১ জানুয়ারির আগে জন্মগ্রহণকারী যাঁদের নাম ইতিপূর্বে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, তাঁদের ৭ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত তথ্যসংগ্রহ ও নিবন্ধন শুরু হচ্ছে। পাশাপাশি মা-বাবার জাতীয় পরিচয়পত্র, আপন ভাইবোন ও চাচা-ফুপুর জাতীয় পরিচয়পত্র, ১৭ ডিজিটের জন্মনিবন্ধন সনদ, জমিমালিকানার দলিল বা খতিয়ান, শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রবাসে থাকার কারণে বাদ পড়ে থাকলে পাসপোর্ট ও বাদ পড়া ভোটারের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের প্রত্যয়নপত্রের ছায়াকপি সংযুক্ত করতে হবে।