আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার সকাল থেকে ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলস্টেশন থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। প্রথম দিন বিক্রি হবে ৭ সেপ্টেম্বর যাত্রার টিকিট।

সম্প্রতি রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক এ তথ্য জানান। মন্ত্রী আরও বলেন, ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ৫ সেপ্টেম্বর থেকে। ঈদের আগের তিন দিন, অর্থাৎ ৯, ১০ ও ১১ সেপ্টেম্বর এবং ঈদের পর সাত দিন পাঁচ জোড়া করে বিশেষ ট্রেন চলাচল করবে। আর ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতে অংশ নেওয়ার সুবিধার্থে আরও দুই জোড়া বিশেষ ট্রেন চলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ সেপ্টেম্বর ঈদ ধরে টিকিট বিক্রির সূচি তৈরি করা হয়েছে।
টিকিটের সময়সূচি ঘোষণা করে রেলমন্ত্রী বলেন, ২৯ আগস্ট বিক্রি করা হবে ৭ সেপ্টেম্বর যাত্রার টিকিট। একইভাবে ৩০ আগস্ট ৮ সেপ্টেম্বরের, ৩১ আগস্ট ৯ সেপ্টেম্বরের, ১ সেপ্টেম্বর ১০ সেপ্টেম্বরের ও ২ সেপ্টেম্বর ১১ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
রেলমন্ত্রী আরও বলেন, একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। বিক্রি করা টিকিট ফেরত নেওয়া হবে না। প্রতিদিন সকাল আটটা থেকে টিকিট বিক্রি শুরু হবে। এবার ঈদে সারা দেশে ২ লাখ ৬০ হাজার যাত্রীর যাতায়াতের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদ উপলক্ষে ১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকার পথে মৈত্রী ট্রেন (ঢাকা-কলকাতা) চলাচল বন্ধ থাকবে। ৭ সেপ্টেম্বর থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে না। ট্রেন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটিও বাতিল করা হয়েছে।
ঈদ উপলক্ষে বিশেষ ট্রেনগুলো চলাচল করবে—ঢাকা-দেওয়ানগঞ্জ; চট্টগ্রাম-চাঁদপুর; ঢাকা-পার্বতীপুর; ঢাকা-খুলনা; ভৈরব-কিশোরগঞ্জ; ময়মনসিংহ-কিশোরগঞ্জ পথে।
এখন থেকে ১০ দিন আগে টিকিট: সব ধরনের আন্তনগর ট্রেনের টিকিট এখন থেকে ১০ দিন আগে বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদের অগ্রিম টিকিট বিক্রির লক্ষ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে সংস্থার কর্মকর্তারা জানান। ২৪ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর শুরু হয়েছে। বর্তমানে যাত্রার ৫ দিন আগে থেকে রেলের টিকিট বিক্রি শুরু হয়।