আজ থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রেলওয়ে কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করছে। ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম স্টেশনসহ দেশের বিভিন্ন স্টেশনের কাউন্টার থেকে আজ সকাল নয়টায় আগাম টিকিট বিক্রি শুরু হবে।
রেলওয়ে সূত্র জানায়, আজ ৯ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিন টিকিট বিক্রি করা হবে। আজ বিক্রি হবে ১৩ জুলাইয়ের টিকিট। পর্যায়ক্রমে পাঁচ দিন টিকিট বিক্রি হবে। সর্বশেষ ১৩ জুলাই বিক্রি হবে ১৭ জুলাইয়ের টিকিট।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের আন্তনগর, মেইল ও লোকাল ট্রেনের আসনসংখ্যা প্রায় ৩৮ হাজার। এর সঙ্গে বিশেষ ট্রেন যুক্ত হচ্ছে। সব মিলিয়ে ঢাকা থেকে প্রায় ৫০ হাজার যাত্রী প্রতিদিন ট্রেনে চড়ে বাড়ি যেতে পারবেন। একইভাবে চট্টগ্রাম থেকে আন্তনগর, মেইল ও লোকাল ট্রেনের আসনসংখ্যা প্রায় ১০ হাজার। কিন্তু ঈদ উপলক্ষে ১২-১৩ হাজার যাত্রী ট্রেনে চড়ে গন্তব্যে যেতে পারবেন।
মহাব্যবস্থাপক মোজাম্মেল হক আরও জানান, ‘ঈদ উপলক্ষে বিভিন্ন ট্রেনে কোচের সংখ্যাও বাড়ানো হচ্ছে। চট্টগ্রামের পাহাড়তলী ও সৈয়দপুরে পুরোনো কোচ মেরামত করে বিভিন্ন আন্তনগর ও মেইল ট্রেনের সঙ্গে যুক্ত করা হচ্ছে।’