আজ থেকে ঢাকা-খুলনা পথে যোগাযোগ বন্ধের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের কর্মসূচির কারণে রাজধানী ঢাকাসহ সারা দেশের সঙ্গে খুলনা বিভাগের ১০ জেলার বাস যোগাযোগ আজ রোববার থেকে কার্যত বন্ধ থাকবে। পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে খুলনা বিভাগের কোনো যানবাহন দৌলতদিয়া ফেরিঘাট পার হবে না।গতকাল শনিবার দুপুরে যশোর আন্তজেলা বাস সিন্ডিকেট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।দৌলতদিয়া ফেরিঘাটের যানজট নিরসন, পুলিশ ও দালালদের চাঁদাবাজি বন্ধসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।খুলনা-ঢাকা রুটের কয়েকজন বাসমালিক নাম না প্রকাশের শর্তে জানান, সরাসরি ঘোষণা করা না হলেও কার্যত এটি ধর্মঘট। খুলনার ১০ জেলা থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস রোববার ছেড়ে যাবে না। তবে এই সিদ্ধান্তের ফলে জনদুর্ভোগের আশঙ্কা করছে সাধারণ মানুষ। সংবাদ সম্মেলনে বলা হয়, দৌলতদিয়া ঘাটে চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেওয়া হলেও কোনো কাজ হয়নি। ফলে বাধ্য হয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে পণ্যবাহী (পচনশীল দ্রব্য) কোনো ট্রাক খুলনা থেকে ঢাকায় যেতে চাইলে দৌলতদিয়া ফেরিঘাটের পরিবর্তে যমুনা সেতু হয়ে যেতে পারবে বলে মালিক ও শ্রমিক নেতারা জানান। জানতে চাইলে বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম প্রথম আলোকে বলেন, দাবি আদায়ে ৩ জুলাই পরিবহন মালিক ও শ্রমিকদের যৌথ বৈঠক হয়। এতে সিদ্ধান্ত হয়, ১৪ জুলাইয়ের মধ্যে ছয় দফা দাবি পূরণ না হলে ১৫ জুলাই (রোববার) থেকে খুলনা বিভাগের ১০ জেলার যানবাহন দৌলতদিয়া ফেরিঘাট পার হবে না। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।