আজ থেকে ঢাকায় জাতীয় পর্ব শুরু
স্কুলের শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলা ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনের লক্ষ্য নিয়ে শুরু হওয়া সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের জাতীয় পর্ব আজ রোববার থেকে শুরু হচ্ছে।
রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ কনভেনশন সেন্টারে ১৫টি আঞ্চলিক পর্বের বিজয়ীরা জাতীয় পর্যায়ের বিজ্ঞান প্রকল্প ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেবে। সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমান দুই দিনব্যাপী এই বিজ্ঞান জয়োৎসবের উদ্বোধন করবেন। সিটি ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় প্রথম আলো এই উত্সবের আয়োজন করেছে।
আঞ্চলিক বিজ্ঞান জয়োত্সবের সব বিজয়ীকে সার্টিফিকেট ও কমলা রঙের টি-শার্ট পরে আজ সকাল আটটায় খামারবাড়ির কেআইবিতে উপস্থিত থাকতে বলেছেন উৎসবের কেন্দ্রীয় সমন্বয়কারী মুনির হাসান। উত্সব প্রাঙ্গণে এসে শিক্ষার্থীদের নিবন্ধন করতে হবে।
দুই দিনের আয়োজনে বিশিষ্ট বিজ্ঞানী ও পরমাণু শক্তি কমিশনের সাবেক মুখ্য বিজ্ঞানী রেজাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিজ্ঞান জয়োৎসবের চেয়ারপারসন অধ্যাপক জেবা ইসলাম সেরাজ, একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্দিক-ই-রাব্বানী, অধ্যাপক জেসমিন, ড. লিয়ানা ইসলাম, ড. নুরুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ শামস ইবনে তারিক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক জীবন কৃষ্ণ বিশ্বাস, শূন্য গ্র্যাভিটির অভিজ্ঞতাসম্পন্ন জ্যোতির্বিদ এফ আর সরকার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারসীম মান্নান মোহাম্মদী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরশাদ চৌধুরী, নোভা আহমেদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এ ছাড়া উপস্থিত থাকবেন সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও আনিসুল হক।