আজ থেকে তিন দিনের হরতাল প্রতিহতের ডাক
বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকে আজ রোববার থেকে আগামী মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশে ৬০ ঘণ্টার হরতাল। এর মধ্যে রোববার সকাল ছয়টা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে জামায়াত। আর মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল দিয়েছে বিএনপি।এবারও শাহবাগে গণজাগরণ মঞ্চ থেকে তরুণ প্রজন্ম জামায়াতের ডাকা হরতাল প্রতিহতের ঘোষণা দিয়ে মাঠে থাকার অঙ্গীকার করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি রাজধানীতে যাত্রীবাহী বাস চালানোর ঘোষণা দিয়েছে।জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর গত কয়েক দিন সারা দেশে সহিংসতায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। বিএনপি ও জামায়াত এটাকে ‘গণহত্যা’ বলে দাবি করে এর জন্য পুলিশ, র্যাব ও সরকারি দলের ‘সশস্ত্র সন্ত্রাসীদের’ দায়ী করে।জামায়াত ‘গণহত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে’ ৪৮ ঘণ্টা হরতাল দেয়। আর বিএনপি ‘গণহত্যাসহ সরকারের দুর্নীতি, দুঃশাসন, নির্যাতন ও নিপীড়নের’ প্রতিবাদে হরতাল ডাকে।দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল এক বিবৃতিতে গত এক মাসে গুলি করে ১১০ জনকে হত্যা, পাঁচ শতাধিক মানুষকে আহত এবং দুই শতাধিক ব্যক্তিকে পঙ্গু করা হয় বলে দাবি করেন। বিবৃতিতে হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।এদিকে টানা তিন দিনের হরতালে রাজধানী ঢাকা ও এর আশপাশে বাস চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি। গতকাল শনিবার মতিঝিলে সমিতির এক বৈঠক থেকে হরতালে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং তা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।হরতালে বাস চলাচল নিরবচ্ছিন্ন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় সমিতি। তবে দূরপাল্লার পথে বাস চলাচল করবে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।