আজ থেকে দুই উপজেলায় সেনা ও বিজিবি মোতায়েন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই ও হাটহাজারী উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে দুই উপজেলায় আজ রোববার থেকে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েনের কথা রয়েছে। বুধবারের এ নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে রিটার্নিং কর্মকর্তার দপ্তর।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘উপজেলা নির্বাচন নির্বিঘ্ন করতে কাল (আজ রোববার) থেকে সেনাবাহিনী ও বিজিবির টহল শুরু হতে পারে। বিষয়টি আমাদের মৌখিকভাবে জানানো হয়েছে।’
চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সানাউল হক প্রথম আলোকে বলেন, ‘উপজেলা নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েনের প্রয়োজন রয়েছে। নির্বাচন কমিশন আমাদের এখনো আনুষ্ঠানিক চিঠি দেয়নি।’
রিটার্নিং কর্মকর্তা সানাউল হক আরও বলেন, ‘দুই উপজেলায় শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের প্রস্তুতি শেষ হয়েছে। ’
এদিকে মিরসরাইয়ে উপজেলা চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন করে আরও ছয়জন প্রার্থী শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত রয়েছেন। এই উপজেলায় বিএনপি একক প্রার্থী দিতে সক্ষম হয়েছে।
মিরসরাইয়ে আওয়ামী লীগ-সমর্থিত দুজন প্রার্থী হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মু. গিয়াসউদ্দিন ও অন্যজন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান। এই উপজেলায় বিএনপির একক প্রার্থী নুরুল আমিন। তিনি উত্তর জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক। হাটহাজারী উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগ উভয় সংগঠন একক প্রার্থী দিতে পারেনি।
হাটহাজারী উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত তিনজন প্রার্থী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ অবশ্য বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইলকে সমর্থন দিয়েছে। অন্য দুজন স্বতন্ত্রভাবে নির্বাচন করলেও নিজেদের আওয়ামী লীগ-সমর্থক বলে দাবি করছেন। তাঁরা হলেন আবুল মনসুর ও ফয়জুর রহমান।
হাটহাজারী উপজেলায় মাহবুবুল আলম চৌধুরীকে বিএনপি সমর্থন দিয়েছে। উত্তর জেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিনও নির্বাচন করছেন। তাঁকে জেলা বিএনপির একাধিক নেতা সমর্থন দিয়েছেন বলে তিনি দাবি করে আসছেন। এদিকে গতকাল শনিবার বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান মাহবুবুল আলমের পক্ষে হাটহাজারী গণসংযোগ করেন। তাঁর সঙ্গে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস কাদের চৌধুরী এবং নগর বিএনপির নেতারা ছিলেন। তাঁরা ভোটারদের কাছে মাহবুবুল আলমকে পরিচয় করে দেন এবং তাঁর পক্ষে ভোট চান।