আজ থেকে নতুন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে গত সোমবার পাঁচ সদস্যবিশিষ্ট আন্দোলন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দাবি আদায়ে ওই কমিটি মঙ্গলবার নতুন কর্মসূচি ঘোষণা করে।উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষকদের সমর্থন পেতে আজ বৃহস্পতিবার থেকে গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি শুরু হবে। চলবে আগামী ২ জুলাই পর্যন্ত। ৩ জুলাই বেলা ১১টায় মৌন মিছিল করবেন শিক্ষকেরা। এরই মধ্যে ২৯ জুন শনিবার বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করা হবে। পাশাপাশি প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক সমিতির সদস্যরা।বিষয়টি নিশ্চিত করে আন্দোলন পরিচালনা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার গতকাল প্রথম আলোকে বলেন, আন্দোলন আরও বেগবান ও সুসংগঠিত করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে।এদিকে গতকাল সকাল সাড়ে সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন শিক্ষক সমিতির সদস্যরা। আজ প্রশাসনিক ভবন অবরোধ করার কথা থাকলেও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা পরিশোধের জন্য সকাল সাড়ে সাতটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রেজিস্ট্রার অফিস অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন অজিত কুমার মজুমদার।সংকট নিরসনে আলোচনায় বসার জন্য উপাচার্য আনোয়ার হোসেন গত শনিবার শিক্ষক সমিতিকে চিঠি দিয়েছিলেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে পরদিন উপাচার্য আরও একটি চিঠি দেন। এর পরও কোনো আলোচনা হয়নি। এ ব্যাপারে অজিত কুমার মজুমদার বলেন, ‘বর্তমান উপাচার্যের সঙ্গে আমরা কোনো ধরনের আলোচনায় বসব না।’অফিসার সমিতির সঙ্গে উপাচার্যের বৈঠক: গতকাল বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। পরে সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন উপাচার্য আনোয়ার হোসেন। বৈঠক সফল হয়েছে বলে জানিয়েছেন অফিসার সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান।