আজ থেকে নতুন সূচিতে চলবে শাটল ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে এই সূচি কার্যকর হবে। এর আগে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন।
নতুন সময়সূচি অনুযায়ী, চট্টগ্রাম নগরের বটতলী স্টেশন থেকে সকাল সাড়ে সাতটা ও আটটায়, বেলা ২টা ৫০ মিনিটে, রাত সাড়ে আটটায় এবং নগরের ষোলশহর রেলস্টেশন থেকে সকাল পৌনে ১০টায় ও সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় অভিমুখে শাটল ট্রেন ছেড়ে যাবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় রেলস্টেশন থেকে সকাল পৌনে ৯টা ও ৯টা ২০ মিনিটে; বেলা দেড়টা ও আড়াইটায়; বিকেল চারটা ও সাড়ে পাঁচটায় এবং রাত সাড়ে নয়টায় শহরের উদ্দেশে ছেড়ে যাবে।
এ ছাড়া ডেমু ট্রেন নগরের বটতলী স্টেশন থেকে সকাল সাড়ে আটটায় ও বেলা ১টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যাবে। বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে সকাল সাড়ে ১০টা ও বেলা তিনটায় শহরের উদ্দেশে ছেড়ে যাবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষকে ট্রেনের সময়সূচি পরিবর্তনের জন্য গত সপ্তাহে অনুরোধ জানানো হয়। গতকাল রেলওয়ে ট্রেনের নতুন সূচি নির্ধারণ করেছে।
এটি মঙ্গলবার (আজ) থেকে কার্যকর হবে। শাটল ট্রেনের নতুন সূচির কারণে শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে।
বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমাম বিন সিদ্দিক বলেন, দাবি মেনে নেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ।
এ বিষয়ে ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ‘ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে বলে খুশি হয়েছি। কিন্তু পরিবহনের সব সমস্যা দূর করার জন্য প্রশাসনকে আহ্বান জানাচ্ছি।’