কক্সবাজারের চকরিয়া-লামা-আলীকদম সড়কে আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকেরা।
গতকাল রোববার চকরিয়া পৌর বাস টার্মিনালের শ্রমিক কার্যালয়ে বাস ও জিপ মালিক-শ্রমিক যৌথ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক কামাল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বলা হয়, লামা-থানচি-সুয়ালক-গজালিয়া সড়ক এবং চকরিয়া-লামা-আলীকদম সড়কে ভাড়ায়চালিত মোটরসাইকেল চলাচল বন্ধ করতে হবে। এ ছাড়া, এসব মোটরসাইকেল চলাচলে সহযোগিতাকারী ও শ্রমিকদের ওপর হামলার নেতৃত্বদানকারী লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহানকে অবিলম্বে অপসারণ করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ওই সড়কে পরিবহন ধর্মঘট চলবে।
সভায় উপস্থিত ছিলেন চকরিয়া-লামা-আলীকদম বাস মালিক সমিতির সভাপতি নুরুল হোছাইন, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, জিপ মালিক সমিতির সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক মো. ইসমাইল, শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. রফিক উদ্দিন প্রমুখ।