আজ থেকে পুলিশের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কে অব্যবস্থাপনা ও অবৈধ যানবাহন চলাচল বন্ধ রোধে আজ বৃহস্পতিবার থেকে রাজধানীতে বিশেষ অভিযান শুরু করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে সম্প্রতি রাজধানীতে পরপর গুলি করে কয়েকটি ছিনতাইয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসীদের ধরতেও অভিযান জোরদার করা হবে।
গতকাল বুধবার রাতে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত একটি ‘জরুরি সংবাদ বিজ্ঞপ্তি’ পাঠিয়ে জানানো হয়, সম্প্রতি রাজধানীর রাস্তায় বিধিবহির্ভূতভাবে অননুমোদিত হাইড্রোলিক হর্ন, হুটার বা বিকন লাইট, বিভিন্ন ধরনের স্টিকার ও কালো কাচের গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে। একই সঙ্গে নিবন্ধনবিহীন (অনটেস্ট) মোটরসাইকেল চলছে, চালক ও আরোহী হেলমেট ব্যবহার করছেন না এবং ক্ষেত্রবিশেষে মোটরসাইকেলে দুইয়ের অধিক আরোহী চলাচল করছেন। এসব কাজ বন্ধের বিষয়ে পুলিশের ট্রাফিক বিভাগ বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। সংশ্লিষ্ট সবাইকে ট্রাফিক আইন মেনে যানবাহন চালানো এবং পুলিশকে সহযোগিতা করতে অনুরোধ করেছেন কমিশনার।
এদিকে মহানগর পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি বেশ কিছু কারণে পুলিশের নিয়মিত ট্রাফিক অভিযানে ভাটা পড়ে গেছে। এ ছাড়া শহরে যানজট মারাত্মক আকার ধারণ করেছে। এসব দিক বিবেচনায় বৃহস্পতিবার থেকে বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাফিক বিভাগ অভিযান চালাবে আর অপরাধ বিভাগের সদস্যরা তাঁদের সাহায্য করবেন। এ ছাড়া সম্প্রতি কয়েকটি গুলি করে ছিনতাইয়ের ঘটনার পর অপরাধীদের ধরতেও তৎপরতা বাড়ানো হয়েছে। যেসব এলাকায় ঘটনাগুলো ঘটেছে, সেসব এলাকায় ইতিমধ্যে অভিযান জোরদার করা হয়েছে। এখন অন্য এলাকাগুলোতেও বিশেষ অভিযান চলবে।
মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, এমনিতে সারা বছরই নিয়মিত অভিযান চলে। সেই চলমান অভিযান জোরদার হবে।