ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম থেকে সিটি করপোরেশন নির্বাচনে আজ মঙ্গলবার থেকে প্রচারণা শুরু হবে। আচরণবিধি অনুযায়ী, ভোট গ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগ পর্যন্ত প্রচারণা চালানো যাবে। এই হিসাবে প্রার্থীরা ২৬ এপ্রিল রাত ১২টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।
তফসিল অনুযায়ী ২৮ এপ্রিল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
নির্বাচনী আচরণবিধিতে বলা আছে, জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে পারে—এ ধরনের কোনো সড়কে প্রার্থী বা তাঁর পক্ষে কোনো পথসভা এবং মঞ্চ তৈরি করা যাবে না। সরকারের মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী বা তাঁদের সমমর্যাদার সরকারি সুবিধাভোগী কোনো ব্যক্তি, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও হুইপ প্রচারণায় অংশ নিতে পারবেন না।
যদিও ইতিমধ্যে চট্টগ্রামে সরকারের গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন গত রোববার নির্বাচন কমিশনের মতামত চেয়ে চিঠি পাঠিয়েছেন। কমিশন সচিবালয় থেকে গতকাল চিঠিটি তাদের আইন শাখায় পাঠানো হয়েছে। আইন শাখার মতামতের পর আজ তা কমিশনে উত্থাপন করা হতে পারে বলে কমিশন সচিবালয় সূত্র জানায়।
অতীতের স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সমমর্যাদার কোনো ব্যক্তি, স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও হুইপরা যাতে নির্বাচনী প্রচারণায় অংশ না নেন, সে জন্য পরিপত্র জারি করা হতো। কমিশন সচিবালয় সূত্র জানায়, এবারের নির্বাচনে এখন পর্যন্ত সে রকম কোনো কিছু জারি করা হয়নি।
বিবিসিকে সংলাপের প্রস্তাব: ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) বাংলা বিভাগকে তিন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের নিয়ে সংলাপ করার প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। তবে কমিশন জানিয়েছে, সংলাপের ব্যয় তারা বহন করবে না। কমিশনের গণসংযোগ শাখা জানায়, বিবিসি থেকে এ বিষয়ে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।
এর আগেও বেশ কয়েকটি সিটি নির্বাচনে বিবিসি মেয়র পদপ্রার্থীদের নিয়ে সংলাপের আয়োজন করেছিল।