আজ শনিবার সকাল থেকে শুরু হচ্ছে টানা ৮৩ ঘণ্টার অবরোধ। আজ সকাল ছয়টা থেকে শুরু হয়ে অবরোধ চলবে আগামী মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত। সর্বশেষ গতকাল শুক্রবার সকাল ছয়টায় বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের চতুর্থ দফা অবরোধ শেষ হয়।
এদিকে চতুর্থ দফা অবরোধের শেষ মুহূর্তে গতকাল শুক্রবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলওয়ে স্টেশনের কাছে রেললাইনে নাশকতার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে দীর্ঘ নয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
নির্বাচনের তফসিল স্থগিত ও নির্দলীয় সরকারের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। এর আগে চার দফা অবরোধ করেছে তারা। প্রথম দফায় ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ৭১ ঘণ্টা, এরপর ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ১৩১ ঘণ্টা, তৃতীয় দফায় ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ঘণ্টা এবং সর্বশেষ ১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ ডাকা হয়।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের কারণে ২৫ ডিসেম্বর ১৮ দলের কোনো কর্মসূচি থাকছে না।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, দুর্বৃত্তরা রেললাইনের ফিশপ্লেট ও নাটবল্টু খুলে ফেলায় গতকাল ভোরে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে ঢাকাগামী অ্যাডভান্সড পাইলট ট্রেন (শুধু ইঞ্জিন) লাইনচ্যুত হয়। এতে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম রেলপথে দীর্ঘ নয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। লাইনচ্যুত ইঞ্জিনটি লাইনে তোলার পর গতকাল বেলা একটার দিকে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে সূত্র জানায়, রেলপথের নিরাপত্তার জন্য চালু করা অ্যাডভান্সড পাইলট ট্রেন শুক্রবার ভোরে আখাউড়া জংশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এবং দুর্বৃত্তরা পাঘাচং রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে রেললাইনের ফিশপ্লেট ও নাটবল্টু খুলে ফেলায় তা লাইনচ্যুত হয়। রেলের মেরামতকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত হওয়া ইঞ্জিনটি লাইনে তোলার পর বেলা একটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, দুর্বৃত্তরা রেললাইনের ফিশপ্লেট ও নাটবল্টু খুলে ফেলে। এতে ভোর চারটার দিকে শুধু ইঞ্জিনবিশিষ্ট অ্যাডভান্সড ট্রেনটি লাইনচ্যুত হয়।