
আজ বুধবার শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। গতকাল রাত পর্যন্ত মেলার স্টলগুলোর ভেতরে-বাইরে চলেছে হাতুড়ি-পেরেকের ঠোকাঠুকি, রং-ব্রাশের মাখামাখি। নির্মাণ, সাজগোজের এই কর্মযজ্ঞের উপলক্ষ একটিই—বইয়ের মেলা।
ভাষার মাসের প্রথম দিন থেকেই বাংলা একাডেমি চত্বরে মাসব্যাপী বইমেলা শুরু হয়। রেওয়াজ অনুযায়ী দেশের সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী এ বইমেলার উদ্বোধন করে থাকেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আজ বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য উদ্বোধনী অনুষ্ঠান। বিকেল পাঁচটার পর সাধারণ দর্শক-পাঠকের জন্য খুলে যাবে মেলার দরজা।
১৯৭৪ সালে বাংলা একাডেমির উদ্যোগে একটি বিশাল জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সম্মেলনের উদ্বোধন করেন। সে উপলক্ষে সাত-আটজন প্রকাশক একাডেমির ভেতরে পূর্ব দিকের দেয়াল ঘেঁষে বই সাজিয়ে বসে যান। সে বছরই প্রথম বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রের বাইরে অন্য প্রকাশকদের বই বিক্রির ব্যবস্থা করা হয়। ১৯৮৩ সালে মনজুরে মওলা যখন বাংলা একাডেমির মহাপরিচালক, তখন তিনি বাংলা একাডেমিতে প্রথম ‘অমর একুশে গ্রন্থমেলা’র আয়োজন সম্পন্ন করেন। কিন্তু শেষ পর্যন্ত বইমেলা করা সম্ভব হয়নি। ১৯৮৪ সালে সাড়ম্বরে বর্তমানের অমর একুশে গ্রন্থমেলার সূচনা হয়।
এবার বইমেলার পরিসর বাড়ছে। আয়োজনেও আসছে নানা নতুন পরিবর্তন। কেমন হবে নতুন এই বইমেলা? বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান জানাচ্ছেন, আজ বেলা আড়াইটায় মেলা উদ্বোধনের আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রধানমন্ত্রী মেলা উদ্বোধন শেষে মেলা পরিদর্শনে যাবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত বিদেশি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চীনের গবেষক ও রবীন্দ্র-অনুবাদক ডং ইউ চেন, অস্ট্রিয়ার মেনফ্রেড কোবো, পুয়ের্তোরিকোর লুস মারিয়া লোপেজ, ভারতের চিন্ময় গুহ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। গ্রন্থমেলার উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬ প্রদান করা হবে।
প্রকাশকেরা সোহরাওয়ার্দী উদ্যানে
আলাদা দুই স্থানে মেলার আয়োজন হলেও দেশের খ্যাতিমান প্রকাশকেরা তাঁদের বই সাজাবেন সোহরাওয়ার্দী উদ্যানেই। উদ্যানের নতুন বিন্যাসে এবারের অধিকাংশ স্টল পূর্ব থেকে পশ্চিম দিকে আনা হয়েছে।
প্রতিবছর একাডেমি চত্বরের নজরুল মঞ্চে নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হলেও এবার তা হচ্ছে না; এবার সোহরাওয়ার্দী উদ্যানে নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব জালাল আহমেদ জানান, এবারের একুশে গ্রন্থমেলা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ৪ লাখ বর্গফুট জায়গায়। সোহরাওয়ার্দী উদ্যান অংশকে ১২টি চত্বরে সজ্জিত করা হয়েছে। একাডেমি প্রাঙ্গণে ৮০টি প্রতিষ্ঠানকে ১১৪টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩২৯টি প্রতিষ্ঠানকে ৫৪৯টি ইউনিট; মোট ৪০৯টি প্রতিষ্ঠানকে ৬৬৩টি ইউনিট এবং বাংলা একাডেমিসহ ১৫টি প্রকাশনা প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার বর্গফুট আয়তনের ১৫টি প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও লিটল ম্যাগাজিন চত্বর থাকছে বর্ধমান হাউসের পেছনে।
গ্রন্থমেলায় টিএসসি, দোয়েল চত্বর দিয়ে দুটো মূল প্রবেশপথ, বাংলা একাডেমি প্রাঙ্গণে তিনটি পথ, সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ ও বের হওয়ার আটটি পথ থাকবে।
মেলায় এবার যা কিছু নতুন
আয়োজকেরা জানিয়েছেন, মেলায় এবারই প্রথম গুগল ম্যাপের মাধ্যমে মেলার যেকোনো স্টল খুঁজে নেওয়া যাবে। পাঠক চাহিদা অনুযায়ী গুগলে স্টলের নাম দিয়ে সার্চ দিলেই অবস্থান পাওয়া যাবে। এ ছাড়া দোয়েল চত্বর ও টিএসসিতে দুটি বড় পর্দায় মেলায় প্রবেশের তথ্য জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘নতুন বইয়ের প্রদর্শনশালা’ করা হয়েছে। এতে প্রতিদিন প্রকাশিত নতুন বই দিনভিত্তিক সাজানো থাকবে। সোহরাওয়ার্দী উদ্যান অংশে পর্যটন করপোরেশনের ১টি ক্যানটিন এবং বাংলা একাডেমি অংশে পর্যটন করপোরেশনের ১টিসহ ২টি ক্যানটিন চালু থাকবে। এবার প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে স্টলগুলোতে টিনের ছাউনি দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে পর্যাপ্ত মাটি ফেলে জমি ভরাট করা হয়েছে। প্রায় ৮০ হাজার বর্গফুট এলাকায় ইট ও বালু দিয়ে অস্থায়ী রাস্তা ও উন্মুক্ত প্রান্ত বানানো হয়েছে। এবারের মেলার ব্যবস্থাপনা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আছে নিরাপদ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড। এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমরা চেষ্টা করছি। মেলা এবার আরও বেশি নান্দনিক হবে। কবি-সাহিত্যিক-মনীষীসহ বিশিষ্টজনদের নামাঙ্কিত প্রতিটি চত্বরেই আলাদা রঙের এলইডি বাতির সাহায্যে বর্ণিল রূপ দেওয়া হচ্ছে। চত্বরগুলোর স্বতন্ত্র রঙিন বাতির সঙ্গে সামঞ্জস্য রেখে সেসব চত্বরের অন্তর্ভুক্ত প্রকাশনা সংস্থাগুলোর স্টলসজ্জায়ও সেই বিশেষ রঙের প্রাধান্য দিচ্ছে একাডেমি।’
শিশুদের জন্য মাতৃদুগ্ধ পানের আলাদা একটি স্টল থাকছে। মেলায় অনেক মা তাঁদের শিশুদের নিয়ে আসেন যারা এখনো মাতৃদুগ্ধ পান করে। সেই শিশুদের কথা চিন্তা করেই সোহরাওয়ার্দী উদ্যানের শিশু চত্বরের অংশে ব্রেস্ট ফিডিংয়ের জন্য আলাদা স্টল করে দেওয়া হবে।