আজ থেকে বিডিআর হচ্ছে বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রাইফেলস (বিডিআর) আজ রোববার থেকে ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ সংক্ষেপে ‘বিজিবি’ হচ্ছে। আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানায় আনুষ্ঠানিকভাবে নতুন নামে বাহিনীর পতাকা উত্তোলন করবেন। গত বছর ৮ ডিসেম্বর ‘বর্ডার গার্ড বাংলাদেশ বিল, ২০১০’ জাতীয় সংসদে পাস হয়। গেজেট প্রকাশিত হয় ২৬ ডিসেম্বর। ওই বছরের পয়লা মার্চ এ-সংক্রান্ত খসড়া আইনটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ১২ জুলাই মন্ত্রিসভা কমিটি খসড়া অনুমোদন করে। বিডিআরের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে পুরো বিডিআর বাহিনীর নাম ও লোগো বদলে যাবে। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি নামে বাহিনীর সব স্থাপনা ও অঙ্গপ্রতিষ্ঠানগুলোর নামকরণ হবে। বিডিআর বিদ্রোহের পর আজই প্রথম প্রধানমন্ত্রী পিলখানায় যাবেন।