আজ থেকে বোমাং রাজপুণ্যাহ
বান্দরবানে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বোমাং রাজপুণ্যাহ উৎসব। এ উপলক্ষে গতকাল বুধবার থেকেই রাজার মাঠে শুরু হয়েছে পুণ্যাহ মেলা। বান্দরবান শহর হয়ে উঠেছে দেশি-বিদেশি পর্যটক ও আদিবাসী-বাঙালির মিলনক্ষেত্র। পাঁচ দিন ধরে চলবে উৎসব। জুমিয়া আদিবাসী প্রজাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে খাজনা বা রাজস্ব আদায় উপলক্ষেই এ উৎসব হয়ে থাকে। আজ রাজার মাঠে সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করা হবে। বোমাং রাজা অংশৈপ্রু চৌধুরী (৯৭) তাঁর সভাসদ, সেপাই-শাস্ত্রী, পাইক-পেয়াদা পরিবেষ্টিত হয়ে মাঠে সাজানো দরবার মঞ্চের সিংহাসনে উপবেশন করবেন। এ সময় তাঁর সঙ্গে উৎসবের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমাসহ গণ্যমান্য ব্যক্তি ও পদস্থ সরকারি কর্মকর্তারা থাকবেন বলে জানা গেছে। প্রজাদের উদ্দেশে রাজা ভাষণ দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে খাজনা আদায় শুরু করবেন।জুমের মৌসুম শেষে হেডম্যান (মৌজাপ্রধান) ও কার্বারিদের (পাড়াপ্রধান) মাধ্যমে জুমচাষি প্রজাদের কাছ থেকে খাজনা বা রাজস্ব আদায় করা হয়। বোমাং সার্কেলে (বান্দরবান ও রাঙামাটির রাজস্থলী উপজেলা নিয়ে বোমাং সার্কেল) মোট ১১৪টি মৌজার হেডম্যান-কার্বারিরা বার্ষিক জুম খাজনা পুণ্যাহ সভায় দিয়ে থাকেন।