চট্টগ্রাম নগরের নয়টি সরকারি বিদ্যালয়ে আজ মঙ্গলবার থেকে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। প্রথম দিন পঞ্চম ও অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পরীক্ষা।
চট্টগ্রাম জেলা প্রশাসক ও ভর্তি কমিটির সভাপতি মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে। এবার পঞ্চম শ্রেণির ১ হাজার ৯২০টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৯ হাজার ৭৪৫টি। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৪৭৩ জন ও ছাত্রী ৪ হাজার ২৭২ জন।
এ ছাড়া আজ বেলা একটা থেকে তিনটা পর্যন্ত অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬৫ আসনে আবেদন করেছে ১ হাজার ৬৩২ শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ১ হাজার ৩৯৩ জন ও ছাত্রী ২৩৯ জন।
২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ষষ্ঠ শ্রেণির এবং বেলা একটা থেকে তিনটা পর্যন্ত সপ্তম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ষষ্ঠ শ্রেণির ৬৫৫টি আসনে আবেদন জমা পড়েছে ৮ হাজার ৩৪০টি। তাদের মধ্যে ছাত্র ৫ হাজার ২৭২ জন ও ছাত্রী ৩ হাজার ৬৮ জন। সপ্তম শ্রেণির ৪৫টি আসনে আবেদন করেছে ৮৬৬ জন শিক্ষার্থী। ছাত্র হচ্ছে ৬৪৯ জন ও ছাত্রী ২১৭ জন।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, এবার পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত ৩ হাজার ৫৫৬টি শূন্য আসনে ভর্তির আবেদন করেছে ২৪ হাজার ৫৯০ শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ১৫ হাজার ৬৮৬ জন ও ছাত্রী ৮ হাজার ৯০৪ জন। এর বাইরে বিভিন্ন কোটার জন্য আবেদন করেছে ১ হাজার ৩৯৪ শিক্ষার্থী। গত ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করে শিক্ষার্থীরা। নবম শ্রেণির ৭৭১টি আসনের বিপরীতে আবেদন পড়েছে চার হাজার সাতজন শিক্ষার্থী। এই শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা হবে না। জেএসসি ও এর সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।