আজ থেকে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের নয়টি সংসদীয় আসনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ চলবে।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সন্দ্বীপ আসনের ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ হবে। কাল শুক্রবার ফটিকছড়ি; শনিবার সাতকানিয়া ও লোহাগাড়া; রোববার বাঁশখালী এবং সোম ও মঙ্গলবার পটিয়া ও আনোয়ারা আসনের কর্মকর্তাদের প্রশিক্ষণ নিজ নিজ এলাকায় হবে।

কোতোয়ালি থানা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ পর্যায়ক্রমে চলবে। বৃহস্পতিবার থেকে ৩ জানুয়ারি পর্যন্ত এটা চলবে।

নগরের আসনগুলোর মধ্যে ১ জানুয়ারি সীতাকুণ্ড-পাহাড়তলী, ২ জানুয়ারি কোতোয়ালি, চান্দগাঁও এবং ৩ জানুয়ারি বন্দর ও ডবলমুরিং এলাকার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রসঙ্গত, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে সাতটিতে একক প্রার্থী হওয়ায় ভোটগ্রহণ হবে না। যে নয়টিতে নির্বাচন হবে, সেগুলো হলো চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড), চট্টগ্রাম-৯ (কোতোয়ালি), চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা), চট্টগ্রাম-১২ (পটিয়া), চট্টগ্রাম-১৩ (আনোয়ারা), চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী)।