আজ থেকে মধুমেলা শুরু
আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতিমান কবি মাইকেল মধুসূদন দত্তের ১৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলা সাগরদাঁড়িতে আজ শুক্রবার থেকে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু হচ্ছে। মোবাইল ফোন কোম্পানি বাংলালিংকের সহায়তায় এ বছর মেলা অনুষ্ঠিত হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে তিনটায় মেলার উদ্বোধন করবেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। প্রতিবছর কবির জন্মদিন ২৫ জানুয়ারি থেকে মধুমেলা শুরু হলেও এ বছর এসএসসি পরীক্ষার কারণে দুই দিন এগিয়ে আনা হয়েছে। গত বছর মেলায় যাত্রা ও পুতুলনাচের নামে অশ্লীলতার অভিযোগ উঠেছিল। এ জন্য এবার পুতুলনাচ বন্ধ এবং উন্মুক্ত মঞ্চে বিনা টিকিটে পেশাদার-অপেশাদার শিল্পীদের যাত্রাপালার আয়োজন করা হয়েছে। মেলায় ব্যতিক্রমী উদ্যোগের মধ্যে অন্যতম একদিনের সাহিত্যনির্ভর অনুষ্ঠানমালা, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ ছাড়া জারি, পালাগান, অষ্টকসহ নানা আয়োজন থাকছে।সাগরদাঁড়ি গ্রামের কবির বসতবাড়ি অধিগ্রহণ করে জাদুঘর ও প্রত্নতত্ত্ব বিভাগ নির্মাণ করেছে মধুপল্লি। কবির জন্মগৃহের পাশেই রয়েছে কবির আবক্ষমূর্তি। ২০০৮ সালে সাগরদাঁড়িতে ৬৫ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে একটি মধুমঞ্চ নির্মাণের কাজ শুরু হলেও দুই বছরেও এর কাজ শেষ হয়নি। মধুসূদন দত্তের বাড়িতে একটি সংগ্রহশালা থাকলেও সমৃদ্ধ পাঠাগার নেই। কবিকে নিয়ে গবেষণাধর্মী কাজের দাবি আজও পূরণ হয়নি। আশির দশকে সাগরদাঁড়িতে বিপুল অর্থ ব্যয়ে একটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল তৈরি হয়। কিন্তু এ স্কুলটি আজও চালু না হওয়ায় এর আসবাবপত্র সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে।