আজ থেকে মাছ রপ্তানি বন্ধের ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ত্রিপুরায় মাছ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে বন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন। বন্দরের শুল্ক বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অসহযোগিতা ও ঘুষ দাবির অভিযোগ এনে অ্যাসোসিয়েশনের নেতারা গতকাল রোববার বিকেলে ওই ঘোষণা দেন। একই সঙ্গে দ্রুত এই সমস্যার সমাধান না হলে আগামী মঙ্গলবার থেকে সব ধরনের পণ্য রপ্তানি বন্ধেরও ঘোষণা দেন ব্যবসায়ীরা।
বন্দরের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় প্রতিদিন সকাল নয়টার মধ্যে প্রায় ৩৫ লাখ টাকার মাছ রপ্তানি হয়। প্রায় প্রতিদিনই স্থলবন্দরের শুল্ক বিভাগের কর্মকর্তারা ‘স্পিড মানি’ দাবি করেন। গত শনিবার একটি সিঅ্যান্ডএফ এজেন্টের কাগজে ত্রুটি রয়েছে জানিয়ে প্রায় ২৭ লাখ টাকার মাছ আটকে দেন তাঁরা। পরে প্রায় এক লাখ টাকায় রফা হলে বেলা সাড়ে তিনটায় ওই মাছ ত্রিপুরায় রপ্তানি হয়। ততক্ষণে মাছে পচন ধরে যায়।
এতে ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। বন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রাজীব ভূঁইয়া বলেন, শুল্ক বিভাগ রপ্তানিকারকদের সহযোগিতার পরিবর্তে নিয়মিত হয়রানি করছে। তারা অনৈতিকভাবে টাকা দাবি করছে। নানান ফাঁক দেখিয়ে পণ্য রপ্তানিতে বাধা দিচ্ছে। ফলে ব্যবসায়ীরা লোকসানের শিকার হচ্ছেন। এ কারণেই ব্যবসায়ীদের সংগঠন বৈঠক করে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে বন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার মিয়া মো. নাজমুল হক বলেন, ছোট-বড় মিলিয়ে সব মাছ দুই মার্কিন ডলারে রপ্তানি হচ্ছে। এতে মানি লন্ডারিংও হচ্ছে। শনিবার মেয়াদহীন এক সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে মাছ রপ্তানির চেষ্টা ঠেকানো হয়েছে। অনৈতিক অর্থ দাবি করার অভিযোগ সত্য নয়। শুল্ক বিভাগ ব্যবসায়ীদের রপ্তানিতে উৎসাহ দিয়ে থাকে বলে দাবি করেন তিনি।