আজ থেকে মাঠে নামছেন আরও ২১ ম্যাজিস্ট্রেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র ও কাউন্সিলর প্রার্থী বা তাঁদের সমর্থকেরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন কি না, তা সরেজমিন খতিয়ে দেখতে আজ শুক্রবার থেকে মাঠে নামছেন আরও ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ফলে আজ থেকে এ দায়িত্ব পালন করা ম্যাজিস্ট্রেটের সংখ্যা দাঁড়াবে ৪১ জনে। তাঁরা সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে আলাদাভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন বলে জানা গেছে।নির্বাচন কমিশন সূত্র জানায়, নয় দিন আগে থেকে ২০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২০টি ভ্রাম্যমাণ আদালত ৪১টি ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন। ম্যাজিস্ট্রেটের সংখ্যা বৃদ্ধির কারণে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। গতকাল বৃহস্পতিবার সার্কিট হাউস মিলনায়তনে ভ্রাম্যমাণ আদালতের নতুন দায়িত্ব পাওয়া ম্যাজিস্ট্রেটদের কর্মপরিধি বুঝিয়ে দেওয়া হয়। ম্যাজিস্ট্রেটদের কার্যক্রম তদারকের দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম আজাদ প্রথম আলোকে বলেন, ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানোর ফলে নগরের সব ওয়ার্ডে একই সঙ্গে ৪১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব হবে। আগে একজন ম্যাজিস্ট্রেটকে একাধিক ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল। জানা যায়, গতকাল পর্যন্ত আট দিনে ম্যাজিস্ট্রেটরা আচরণবিধির ছোটখাটো লঙ্ঘনের জন্য চার প্রার্থীর কাছ থেকে প্রায় চার হাজার টাকা জরিমানা আদায় করেছেন। একই সময়ে অন্তত ২০ জন প্রার্থীকে সতর্ক করা হয়। আচরণবিধি লঙ্ঘনের ঘটনার মধ্যে ছিল: ছাপানো পোস্টার ও প্রচারপত্র দেয়ালে সাঁটানো, ছাপানো পোস্টারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম না-থাকা, বেলা দুইটার আগেই নির্বাচনী প্রচার শুরু করা ইত্যাদি।এ প্রসঙ্গে এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বড় কোনো ঘটনা এ পর্যন্ত ঘটেনি। পোস্টার-লিফলেটের প্রচারণায় এ ধরনের কড়াকড়ি দেশে এই প্রথম। এ কারণে প্রার্থীদের এতে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগছে। তবে আমরা কাউকে ছাড় দিচ্ছি না।’চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ১৭ জুন। ভোটের পরদিন অর্থাৎ ১৮ জুন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চালু থাকবে বলে জানা যায়।