আজ থেকে রাজবন বিহারে কঠিন চীবরদান শুরু
আজ বৃহস্পতিবার থেকে বৌদ্ধধর্মাবলম্বীদের তীর্থস্থান রাঙামাটি রাজবন বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবরদান উৎসব শুরু হচ্ছে। ঐতিহ্যবাহী রাজবন বিহারে এটি ৪১তম কঠিন চীবরদান।
কঠিন চীবরদান উৎসব প্রস্তুতি কমিটির তথ্য ও প্রচার উপকমিটির আহ্বায়ক সুস্মিতা চাকমা জানান, চাকমা সার্কেলের নতুন রানি য়েন য়েন বেলা তিনটায় চরকায় সুতা কাটার মাধ্যমে চীবর (বৌদ্ধভিক্ষুদের পরনের গেরুয়া রঙের কাপড়) তৈরির কার্যক্রমের উদ্বোধন করবেন। তার আগে রাজা দেবাশীষ রায়ের বেইনঘর উদ্বোধনের পর বিশ্বশান্তি ও অনুষ্ঠানের সফলতা কামনা করে প্রার্থনা করা হবে।
রাঙামাটি পুলিশ সুপার আমেনা বেগম বলেন, ভালো নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের ৪৭৫ জন পুলিশের সদস্য সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থায় নিয়োজিত থাকবেন। এ ছাড়া বিহার এলাকায় প্রবেশমুখে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
কঠিন চীবরদানের উৎপত্তি: বৌদ্ধশাস্ত্র মতে, গৌতমবুদ্ধের মহাপরিনির্বাণ লাভের আগে বর্ষাবাস পালনকারী ৩০ জন ভিক্ষু তাঁর সঙ্গে দেখা করতে আসেন। ওই সময় একটানা ব্যবহারের ফলে তাঁদের পরনের কাপড় ছিল ছিন্নপ্রায়। ভিক্ষুদের সেই অবস্থা দেখে গৌতমবুদ্ধের মহাউপাসিকা বিশাখা হাজার হাজার মানুষের সমাগম ঘটিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তৈরি করে ভিক্ষুদের পরনের কাপড় বা চীবরদান করেন। সেই আদলে তুলা থেকে সুতা বের করা, রং করা, বেইন টানানো, সুতা নলি করা, কাপড় বোনা, বিশেষ কায়দায় সেলাই করে বৌদ্ধভিক্ষুদের দান করার প্রক্রিয়া হচ্ছে কঠিন চীবরদান।