আজ থেকে রাজশাহী বিভাগে তিন দিনের পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিভাগের আটটি জেলায় আজ বুধবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট আহ্বান করেছে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি। আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে তিন দিনের এ ধর্মঘট আহ্বান করা হয়েছে।ধর্মঘটের সমর্থনে গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরে বিক্ষোভ মিছিল ও বগুড়া শহরের চারমাথা বাস টার্মিনালে সমাবেশ করা হয়েছে। দাবিগুলো হলো—মহাসড়কে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ; নগরের ভেতরে এবং মহাসড়কে করিমন, নছিমন ও ভটভটি চালানো বন্ধ; ট্রাক ও কাভার্ডভ্যানে ওভারলোড বন্ধ; বেতনভাতা বৃদ্ধি; সহজ শর্তে চালকদের লাইসেন্স প্রদান ও নবায়ন এবং প্রচলিত আইন, নিয়ম ও চুক্তিবহির্ভূতভাবে যেসব পরিবহন শ্রমিক ইউনিয়নকে নিবন্ধন করা হয়েছে তা বাতিল।কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আবদুল লতিফ মণ্ডল ও প্রচার সম্পাদক আনোয়ার পারভেজ প্রথম আলোকে বলেন, ‘আমাদের এসব দাবি ইতিমধ্যে সরকার মেনে নিয়েছে, কিন্তু বাস্তবায়ন করছে না। দাবি বাস্তবায়নের জন্য এখন আন্দোলন করতে হচ্ছে।’ তাঁরা আরও জানান, গত সোমবার রাজশাহীর ১৯টি শ্রমিক ইউনিয়নের নেতারা এ নিয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে তাঁর কার্যালয়ে এক আলোচনায় মিলিত হন। কিন্তু কোনো সমাধান না হওয়ায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।নেতারা জানান, ১৯টি ইউনিয়ন একই সঙ্গে কর্মসূচি পালন করবে। এ সময় বিভাগের কোনো সড়কে বাস, ট্রাক, মিনিবাস ও মাইক্রোবাস চলবে না। দাবি বাস্তবায়ন করা না হলে তাঁরা নতুন কর্মসূচি ঘোষণা করবেন।