আজ থেকে লাগাতার অবরোধ
আজ বুধবার বছরের প্রথম দিন থেকেই শুরু হচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি। কর্মসূচির অংশ হিসেবে বিরোধী জোট সারা দেশে সড়ক, নৌ ও রেলপথ অবরোধ করবে।
৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দুই দিন চেষ্টা করেও ‘গণতন্ত্রের অভিযাত্রা’ সফল করতে না পারায় গত সোমবার রাতে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।
গত ২৫ নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ২৬ নভেম্বর থেকে পাঁচ দফায় মোট ২২ দিন অবরোধ পালন করা হয়। গত ২৪ ডিসেম্বর বিকেল পাঁচটায় এই অবরোধ শেষ হয়।
কিছু জেলায় বিক্ষোভ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাসভবনে অবরুদ্ধ, নেতা-কর্মীদের গ্রেপ্তার ও গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে কয়েকটি জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে ১৮-দলীয় জোট। তবে গতকাল সারা দেশে এই কর্মসূচি পালনের কথা ছিল।