শিক্ষা ছুটি ও পদোন্নতির নীতিমালা সংশোধনের দাবিতে আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে জরুরি সিন্ডিকেট সভা ডেকে সমিতির দাবি পূরণ করার দাবি জানিয়েছেন তাঁরা। তবে পূর্বঘোষিত সব ধরনের পরীক্ষা হবে।
গতকাল শনিবার বিকেলে শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
সমিতির সাধারণ সম্পাদক মো. তোফায়েল হোসেন মজুমদার বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষা ছুটি ও পদোন্নতি নীতিমালা সংশোধনের জন্য সিন্ডিকেট একটি কমিটি গঠন করে। ওই কমিটি প্রতিবেদন তৈরি করে গত ৩০ মে সিন্ডিকেটে অনুমোদনের জন্য এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত করে। কিন্তু এ বিষয়ে ওই দিনের সভায় কোনো সিদ্ধান্ত হয়নি।
এ অবস্থায় গত ১ জুন শিক্ষক সমিতির সাধারণ সভা হয়। সভায় গত বৃহস্পতিবারের মধ্যে দাবি বাস্তবায়নের সময়সীমা বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ে দাবি পূরণ না হওয়ায় আজ রোববার থেকে শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেয়।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ বলেন, ‘আগামী সিন্ডিকেটের সভায় শিক্ষকদের ওই দাবির বিষয়ে আলোচনা হবে। শিগগিরই ওই সভা হবে। শিক্ষকেরা ক্লাস বর্জন না করে আমার পদত্যাগ চাইতে পারতেন। কিন্তু শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করা কোনোভাবেই কাম্য নয়। শিক্ষকদের প্রধান কাজ ক্লাস ও পরীক্ষা নেওয়া।’