আজ থেকে সপ্তাহব্যাপী নৌ-প্রযুক্তি উৎসব শুরু
আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম ও দ্য ডেইলি স্টার-এর যৌথ আয়োজনে চট্টগ্রামে আজ থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী নৌ-প্রযুক্তি উৎসব। দ্য ডেইলি স্টার আয়োজিত ‘অদম্য চট্টগ্রাম’ উৎসবের ধারাবাহিকতায় এ উৎসবের আয়োজন করা হয়েছে।গতকাল শনিবার দুপুরে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবসংক্রান্ত তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক সামুয়েল বেরথে। বক্তব্য দেন দ্য ডেইলি স্টার-এর চট্টগ্রাম ব্যুরোপ্রধান এ কে এম রইসুল হক।‘তোরা কন কন যাবি আঁরার সাম্পানত’ শীর্ষক এই নৌ-প্রযুক্তি উৎসবের উদ্বোধন হবে আজ বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম। উৎসবের বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমী, আলিয়ঁস ফ্রঁসেজ কার্যালয়, বিশদ বাংলা, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কার্যালয় এবং কালুরঘাটে। উৎসব উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনী, লোকগান, খাদ্য উৎসব, সম্মেলন ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উৎসবের উদ্বোধনী দিনে আজ রোববার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমীতে প্রদর্শিত হবে ঋতিক ঘটক পরিচালিত চলচ্চিত্র তিতাস একটি নদীর নাম। এ চলচ্চিত্রের ওপর আলোচনা করবেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হরিশংকর জলদাস। সংবাদ সম্মেলনে জানানো হয়, আলিয়ঁস ফ্রঁসেজ কার্যালয়ে উৎসবে ৪ ফেব্রুয়ারি ‘বাংলার সমুদ্রযাত্রার ইতিহাস’ বিষয়ে আলোচনা করবেন সামুয়েল বেরথে। ওই দিন দুপুর সাড়ে ১২টায় ‘বঙ্গোপসাগর, প্রাচীন সমুদ্রপথ, বাংলার ইতিহাস ও সমুদ্রযাত্রার প্রেক্ষাপট’ বিষয়ে আলোচনা করবেন মোমিন চৌধুরী। বিকেলে ‘বাংলার নৌকার অতীত ও বর্তমান’ বিষয়ে আলোচনা করবেন ইভ্ মার। উৎসবের সহ-আয়োজক হচ্ছে তাড়াতাড়ি লিমিটেড, ফরাসি বেসরকারি সংস্থা ওয়াট এভার, এ কে খান ফাউন্ডেশন, আমরা রিসোর্সেস লিমিটেড, মাছরাঙা টেলিভিশন এবং রেড।