আজ থেকে সপ্তাহব্যাপী সমবায় মেলা শুরু
চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গণে আজ শনিবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘পল্লী উন্নয়ন ও সমবায় মেলা’। জাতীয় সমবায় দিবস উপলক্ষে মেলার আয়োজন করেছে চট্টগ্রাম জেলা সমবায় বিভাগ।মেলায় বিভিন্ন সমবায় সমিতি ও সমবায় আন্দোলনের উদ্যোগ, সাফল্য, প্রকল্প, সমবায়ভিত্তিক বাজারব্যবস্থা ইত্যাদির চিত্র তুলে ধরা হবে।আয়োজক সূত্রে জানা গেছে, মেলার উদ্বোধনী দিনের কর্মসূচিতে রয়েছে শোভাযাত্রা, সমবায়ী সমাবেশ, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে সকাল ১০টায় মুসলিম ইনস্টিটিউট হলে ‘সমবায়ে উদ্যোক্তা সৃষ্টি-যুবদের দূরদৃষ্টি’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ ও চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মো. কামরুল ইসলাম। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি নুরুল আনোয়ার চৌধুরী।