আজ থেকে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে গতকাল সোমবার সকাল থেকে ঈদে ঘরমুখী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। নদীতে প্রচণ্ড স্রোত ও ফেরি বিকল হওয়ার কারণে যানবাহন পারাপারে ব্যাঘাত ঘটছে। এ কারণে যানবাহন ঘণ্টার পর ঘণ্টা ঘাটে এসে আটকে থাকছে।

এদিকে আজ মঙ্গলবার থেকে ঈদের পরের তিন দিন পর্যন্ত সাত দিন সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি পণ্যবাহী ট্রাক এই ঘোষণার আওতামুক্ত থাকবে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের এক যৌথ সভায় ট্রাক পারাপার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাতটি রো রো (বড়), তিনটি কে-টাইপ (মাঝারি) ও ছয়টি ইউটিলিটি (ছোট) ফেরি যানবাহন পারাপারে নিয়োজিত রয়েছে। এক সপ্তাহ ধরে যান্ত্রিক ত্রুটির কারণে খান জাহান আলী ও শাহ মখদুম নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে মেরামতে আছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, নদীতে প্রচণ্ড স্রোতের কারণে যানবাহন পারাপারে দ্বিগুণ সময় লাগছে। এ ছাড়া যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাটুরিয়া ঘাটে দুই শতাধিক যাত্রীবাহী বাস ও তিন শতাধিক পণ্যবাহী ট্রাক পার হওয়ার অপেক্ষায় ছিল। এ ছাড়া পার হওয়ার অপেক্ষায় ছিল শতাধিক ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার ও মাইক্রোবাস)।

পাটুরিয়া ঘাটে দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক আবুল হোসেন জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত ঘাটে যানবাহনের অতিরিক্ত চাপ ছিল। যানজট এড়াতে সাধারণ পণ্যবাহী শতাধিক ট্রাক ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার উথলী মোড় থেকে বোয়ালিয়া পর্যন্ত সারিবদ্ধভাবে রাখা হয়।

পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের মালিকদের নিরাপত্তায় বিপুলসংখ্যক পুলিশের পাশাপাশি, আর্মড পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া যানজট নিরসনে অতিরিক্ত ট্রাফিক পুলিশ নিয়োজিত রয়েছে।