সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রশিবির আজ রোববার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে। গতকাল শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
তবে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রাবাস বন্ধ রেখে প্রশাসন স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারে না। তাই সাধারণ শিক্ষার্থীদের ডাকা নৈতিক আন্দোলনে আমাদের সমর্থন থাকলেও ধর্মঘটের বিষয়টিতে আমাদের সম্পৃক্ততা নেই।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জানুয়ারি দুটি ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের জের ধরে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আট মাস পর ছাত্রাবাস খুলে দিলেও আবাসিক ছাত্রদের বৈধ আসন বাতিল করা হয়। আমানত হলে বৈধ ছাত্রদের অবস্থান নিশ্চিত করার জন্য আন্দোলন করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্ণপাত করেনি। এর মধ্যে ২৪ আগস্ট সোহরাওয়ার্দী ছাত্রাবাসকে কেন্দ্র করে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি ছাত্র সংগঠন। কিন্তু এবারও প্রশাসন সুষ্ঠু সমাধান না করে উল্টো ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা আশা করেছিলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসন ঈদ ও পূজার ছুটির সময় আবাসিক ছাত্রাবাসগুলো খুলে দেবে। কিন্তু প্রশাসন এই সময়ের মধ্যে কোনো সমস্যার সমাধান করেনি। তাই রোববার থেকে ধর্মঘটের ঘোষণা করছি।’
একই দাবিতে গত ৩০ আগস্ট থেকে ছাত্র ধর্মঘট আহ্বান করা হয়। ঈদ ও পূজার ছুটি উপলক্ষে ১ থেকে ১০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক হিসেবে শাহ আমানত ছাত্রাবাসের আশিকুর রহমান, শাহজালাল হলের সাদ্দাম হোসাইন, সোহরাওয়ার্দী হলের শাহাদাত হোসাইন ও এরশাদুল হকের নাম উল্লেখ করা হয়।