সিলেট ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসেনসহ চার নেতার মুক্তির দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সংবাদ সমেঞ্চলনে ওই সংগঠনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী, আজ বুধবার ধর্মঘট শুরু হওয়ার কথা। সংগঠন সূত্র জানায়, গত রোববার রাতে সিলেটের দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) সদস্যরা আমির হোসেনসহ চারজনকে আটক করেন। তাঁদের কাছ থেকে ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে জানিয়ে র্যাব চারজনকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে। ঘটনাটি সাজানো দাবি করে গতকাল সিলেট বিভাগে ট্যাংক-লরির শ্রমিকেরা ধর্মঘট পালন করেন। গতকাল সিলেটে সংবাদ সমেঞ্চলন করে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, ধর্মঘট চলাকালে শ্রমিকনেতাদের মুক্তি না দেওয়া হলে বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করা হবে। এতে ট্যাংক-লরি শ্রমিক ফেডারেশনের নেতারা একাত্ম হয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, র্যাব সদস্যদের ভুল তথ্য দিয়ে সিলেটের দক্ষিণ সুরমার পিরোজপুরে অবস্থিত যমুন অয়েল কোম্পানির কর্মকর্তা (গেজেট) খোরশেদ আলম চারজন শ্রমিকনেতাকে মাদকসহ ধরিয়ে দিয়েছেন। যমুনা অয়েল কোম্পানি কর্তৃপক্ষ শ্রমিকদের অমানুষিক নির্যাতন করে। এর প্রতিবাদ করায় শ্রমিকনেতাদের ফাঁসানো হয়েছে। ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন গ্রেপ্তার হওয়া চার নেতার মুক্তির পাশাপাশি যমুনা অয়েল কোম্পানির কর্মকর্তা খোরশেদ আলমের অপসারণও দাবি করে। সংবাদ সম্মেলনে সিলেট জেলা ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি চেরাগ আলীর পক্ষে লিখিত বক্তব্য পড়েন সহ-দপ্তর সম্পাদক রকিব হাসান। সংগঠনের যুগ্ম সম্পাদক সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল কালাম ও দপ্তর সম্পাদক ওমর ফারুক বাংলদেশ শ্রমিক ফেডারেশনের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বানের ঘোষণা সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন। যমুনা অয়েল কোম্পানি সিলেট কার্যালয়ে যোগাযোগ করলে অভিযুক্ত খোরশেদ আলম শ্রমিকদের চলমান আন্দোলন ও গ্রেপ্তার হওয়া চার নেতা সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। ধর্মঘট ঘোষণার পরিপ্রেক্ষিতে বিষয়টি প্রশাসনিকভাবে নিষ্পত্তির চেষ্টা চলছে বলে তিনি জানান।