আজ থেকে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ রোববার থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। ২২ মার্চ পর্যন্ত পরীক্ষা চলবে।
প্রথম বর্ষে বিভিন্ন ইউনিট ও বিষয়ে ১ হাজার ৯৫৫টি আসনের বিপরীতে ৯৬ হাজার ৪১ জন শিক্ষার্থীর আবেদন জমা পড়েছে। প্রতি আসনের বিপরীতে ৪৯ শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান বলেন, চার মাস ধরে উপাচার্যের পদ শূন্য ছিল। তাই ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। গত ১ ফেব্রুয়ারি নতুন উপাচার্য যোগ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউনিট-ভিত্তিক ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে। আবেদনকারীরা ওয়েবসাইট থেকে তা ডাউনলোড করে নিতে পারবেন। পরীক্ষার প্রথম দিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ৩টা পর্যন্ত ‘এ’ ইউনিটের এবং একই দিন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগামীকাল সোমবার ৯টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত ‘বি’ ইউনিটের এবং বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার হলে মুঠোফোন, ডিজিটাল মেমোরি কার্ড, ঘড়ি, ক্যালকুলেটরসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য ও আসনের বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে এবং পরীক্ষাকেন্দ্রের সামনে ডিসপ্লে বোর্ড থেকেও আসনের বিন্যাস জানা যাবে।