আজ থেকে ১০ জুন পর্যন্ত সারা দেশে গণসংযোগ করবে ১৮ দলীয় জোট
আজ সোমবার থেকে ১০ জুন পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। জোটের চলমান আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি ঘোষণা করা হয়।গতকাল রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচি থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, এই সময়ের মধ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃ প্রবর্তন করা না হলে ১১ জুন সমাবেশ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে ফিরে পাওয়া, ১৮ দলীয় জোটের নেতাদের নামে করা মামলা প্রত্যাহার ও আটক নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করে ১৮ দলীয় জোটের ঢাকা মহানগর শাখা।সমাবেশে মওদুদ বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে এবং বিএনপির সঙ্গে আপস করতে শেখ হাসিনা বাধ্য হবেন। এটি তিনি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছেন। একদিন জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী এ বিষয়ে ভাষণ দেবেন এবং বিএনপিকে সংলাপের আহ্বান জানাবেন।আগামী নির্বাচন কেমন সরকারের অধীনে হবে এ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমন্বয়হীনতায় ভুগছে মন্তব্য করে মওদুদ বলেন, প্রধানমন্ত্রী বলছেন, আওয়ামী লীগের অধীনেই নির্বাচন হবে। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলছেন, অন্তর্বর্তী সরকার নিয়ে প্রস্তাব থাকলে তা উপস্থাপন করতে। তবে মনে হয় সাধারণ সম্পাদকের কথার কোনো দাম নেই।বিএনপির এই নেতার দাবি, আওয়ামী লীগ এখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে একা হয়ে গেছে। দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে মওদুদ বলেন, দাবি মেনে নিলে আওয়ামী লীগ অন্তত বিরোধী দল হিসেবে থাকবে। নইলে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব এম এ সালামসহ ১৮ দলীয় জোটের নেতারা বক্তব্য দেন।