আজ থেকে ১১ দিন ইলিশ ধরা নিষিদ্ধ
আজ ২৫ অক্টোবর, মঙ্গলবার থেকে ৫ অক্টোবর পর্যন্ত এই ১১ দিন সরকারঘোষিত ও চিহ্নিত উপকূলীয় চারটি প্রধান ইলিশ প্রজননক্ষেত্রসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ বা বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছে।ইলিশের প্রজনন ও উৎপাদন মৌসুমে হেরফের হওয়ায় গত বছরের মতো এবারও পুরোনো সময়সীমা পুনর্বিন্যাস করা হয়েছে। পুরোনো আইনে ১৫ থেকে ২৪ অক্টোবর ১০ দিনকে ইলিশের প্রজনন সময়কাল নির্ধারণ করে উপকূলের নির্দিষ্ট এলাকার চারটি পয়েন্টে ইলিশ ধরা নিষেধ ছিল। এ বছর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।পটুয়াখালী জেলা মৎস্য কার্যালয় থেকে জানা গেছে, উপকূলীয় এলাকার ইলিশের চারটি প্রধান প্রজননস্থল হচ্ছে—পটুয়াখালীর কলাপাড়ার লতাচাপলী (আন্ধারমানিক নদীর অববাহিকা), ভোলার উত্তর তজুমদ্দিনের পশ্চিম সৈয়দ আউলিয়া পয়েন্ট, চট্টগ্রামের মিরসরাই শাহেরখালী হাইতকান্দী পয়েন্ট, কুতুবদিয়া উপজেলার উত্তর কুতুবদিয়া গণ্ডামারা পয়েন্টগুলোর অন্তর্গত প্রায় সাত হাজার বর্গকিলোমিটার এলাকা। কিন্তু এ বছর ওই চারটি পয়েন্ট ছাড়াও সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ বা বিক্রি নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।ইলিশের স্বাভাবিক বংশবিস্তারের জন্য আরও আগে থেকে মা-ইলিশ নিধন বন্ধ করার উদ্যোগ নেওয়া উচিত ছিল বলে মনে করেন পটুয়াখালী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক পীযূষকান্তি হরি।